প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১১
হাতছানি
আমাদের যেন ডাকছে দেখো ঐ বুনো হাতছানিতে
নীল আকাশ আর সবুজের ঢেউ খেলানো পাহাড়।
ইচ্ছেরা তাই প্রজাপতি সুবাসিত ফুলের বাহার;
সূর্যের কোলাহল থেমে যায় দূর ঐ নোনাপানিতে।
পথভোলা মেঘ বাঁধে ঘর সুনসান পাহাড়ের গায়,
অজানা টানে নিসর্গ পানে পথ খুঁজে নেয় পথিকেরা
নির্ঝর হাসি বহতা নদী স্বাগত সুরে গায় পাখিরা
অভিলাষী মনের পিয়াসি নয়ন দিগন্তে মিশে যায়।
আমাদের অগোছালো মন ক্লান্তিকে দিয়েছে ছুটি,
জাগতিক চোখগুলো অনুসন্ধানী; দেখে প্রকৃতি।
তবু মৌন মননে অপূর্ণ স্বপনে আছে আকুতি,
হৃদয়ে বেঁধেছি হৃদয় আস্তিনে জমা খুনশুটি।
ভরাকাটালে গান হবে, গল্প-কবিতা-ভান হবে
এভাবেই আমাদের সকল বৈরিতা ম্লান হবে।







