শনিবার, ২০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৩:১৮

প্রাথমিকের শিশুর ভাষা ও গণিত বিষয়ের আকর্ষণীয় পাঠদানের কৌশল ও চ্যালেঞ্জ

রাশেদা আতিক রোজী
প্রাথমিকের শিশুর ভাষা ও গণিত বিষয়ের আকর্ষণীয় পাঠদানের কৌশল ও চ্যালেঞ্জ

প্রাথমিক স্তরে শিশুদের শেখানোর মূল চাবিকাঠি হলো কম পড়ানো, বেশি খাটানো। অর্থাৎ শিক্ষক নিজে কম কথা বলে শিক্ষার্থীদের বিভিন্ন কাজে যত বেশি ব্যস্ত রাখবেন, পাঠ তত বেশি আকর্ষণীয় হবে এবং শিক্ষকের পরিশ্রমও সার্থক হবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে ধরে রাখা এবং প্রতিটি পাঠকে তাদের কাছে আকর্ষণীয় করে তোলা একজন শিক্ষকের জন্য যেমন আনন্দের, তেমনই বড় একটি চ্যালেঞ্জ। শিশুদের মনোযোগের স্থায়িত্ব কম হওয়ায় প্রথাগত লেকচার পদ্ধতির বাইরে গিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়।

শিক্ষার্থীদের ভাষা ও গণিত বিষয়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের কৌশলগুলো দারুণ ভূমিকা রাখে:

১ । খেলাধুলার মাধ্যমে শিক্ষা

শিশুরা খেলতে ভালোবাসে। শব্দগঠন, গণিতের ছোটখাটো হিসাব বা সাধারণ জ্ঞান যদি বিভিন্ন খেলার (যেমন পাজল, কুইজ, রোল-প্লে) মাধ্যমে শেখানো যায়, তবে তারা সহজে ক্লান্ত হয় না।

২ । দৃশ্যমান ও বাস্তব উপকরণের ব্যবহার

শুধু বইয়ের ছবি না দেখিয়ে বাস্তব বস্তু (যেমন-ফল, পাতা, কাঠি) বা রঙিন চার্ট, মডেল এবং ফ্ল্যাশকার্ড ব্যবহার করলে পাঠ সহজবোধ্য হয়।

৩ । ডিজিটাল ও আইসিটি কনটেন্ট

মাল্টিমিডিয়া প্রজেক্টর বা স্ক্রিনে ছোট অ্যানিমেশন, শিক্ষণীয় কার্টুন (যেমন-মীনা কার্টুন) কিংবা ছড়ার ভিডিও দেখালে শিক্ষার্থীরা গভীর মনোযোগ দেয়।

৪ । গল্প বলা এবং ছড়া-গানের ব্যবহার

যেকোনো কঠিন বিষয়কে ছোট গল্পের ছলে উপস্থাপন করলে শিশুরা তা দীর্ঘদিন মনে রাখে। পাঠের শুরুতে ছড়া বা গান গেয়ে পরিবেশ হালকা ও আনন্দময় করা যায়।

৫ । দলগত কাজ ও সহপাঠী শিক্ষা

ছোট ছোট দলে ভাগ করে কোনো কাজ দিলে তাদের মধ্যে নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বাড়ে এবং পড়াশোনাকে বোঝা মনে হয় না।

৬ । সক্রিয় অংশগ্রহণ ও প্রশংসা

শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া এবং তাদের ছোট ছোট সাফল্যেও “চমৎকার”, “খুব ভালো হয়েছে” বলে হাততালি দিয়ে উৎসাহিত করা।

একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেবল চার দেয়ালের শ্রেণীকক্ষ নয়, এটি মূলত শিশুদের কল্পনা আর কৌতূহলের এক জাদুর বাক্স। কিন্তু প্রতিদিন একই নিয়মে ক্লাস শুরু হলে, সেই বাক্সের জাদুকরী আলোটা ম্লান হয়ে যায়। শিশুরা তখন ক্লাসে বসে জানালার বাইরে তাকিয়ে মন খারাপের মেঘ গোনে।

শিক্ষাদান কোনো একতরফা বক্তৃতা নয়; এটি একটি জীবন্ত শিল্প। ক্লাসটি শুরু হতে হবে এমন এক চমকপ্রদ হুক বা টোপ দিয়ে, যা শিশুর মনকে ক্লাসরুমে বেঁধে ফেলবে। এরপর সেই পাঠকে টেনে নিয়ে যেতে হবে তাদের চেনা বাস্তব জীবনের উঠোনে, যেখানে বইয়ের অক্ষরগুলো প্রাণ ফিরে পাবে। ক্লাসরুমের একঘেয়েমি দূর করতে শিক্ষকের সাথে শিক্ষার্থীর তৈরি হবে এক নিবিড় মিথস্ক্রিয়া বা বোঝাপড়া। আর এই পুরো প্রক্রিয়াটিতে রঙ ছড়াবে চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যমান উপকরণ ও আনন্দের নড়াচড়া। সবশেষে, ক্লাস থেকে বিদায় নেওয়ার আগে থাকবে একটি মজার প্রতিফলন, যা শিশুর মনে সেই পাঠের আনন্দকে চিরস্থায়ী করে রাখবে। একটি সফল ক্লাসের রহস্য লুকিয়ে আছে পাঁচটি জাদুকরী সুতোয়।

০১. আকর্ষণীয় সূচনা-

ক্লাসে ঢুকেই “আজ আমরা পৃষ্ঠা নম্বর ১০ পড়ব” না বলে, এমন কিছু দিয়ে শুরু করুন যা দেখে শিশুরা চমকে যায় এবং তাদের মনে কৌতুহল তৈরি হয়। এটি হতে পারে কোনো গল্প, ধাঁধা, জাদু বা কোনো রহস্যময় বস্তু।

উদাহরণ: তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের ‘পানি দূষণ’ পড়ানোর আগে শিক্ষক ক্লাসে দুটি কাঁচের গ্লাস নিয়ে ঢুকলেন। একটিতে পরিষ্কার পানি, অন্যটিতে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। শিক্ষক কোনো কথা না বলে গ্লাস দুটি টেবিলের ওপর রাখলেন। শিশুরা কৌতূহলী হয়ে উঠবে। শিক্ষক তখন জিজ্ঞেস করলেন, “তোমরা তৃষ্ণার্ত হলে কোন গ্লাসের পানি খাবে এবং কেন? ব্যাস, শিশুরা পাঠের মূল বিষয়ে ঢুকে গেল!

০২. বাস্তব জীবনের সাথে সংযোগ-

বইয়ের পড়া যদি বাস্তব জীবনের চেনা জগৎ, পরিবার বা পরিবেশের সাথে না মেলে, তবে শিশুরা তা সহজে বুঝতে চায় না। তাই পড়াটাকে তাদের চারপাশের চেনা দুনিয়ার সাথে মিলিয়ে দিতে হবে।

উদাহরণ: চতুর্থ শ্রেণীর গণিতে ‘যোগ-বিয়োগ’ বা ‘টাকার হিসাব’ শেখানোর সময় বইয়ের কঠিন অংক না করিয়ে শিক্ষক বলতে পারেন, “মনে করো তোমার মা তোমাকে হাটে বা বৈশাখী মেলায় ১০০ টাকা দিয়ে পাঠালেন। তুমি ২৫ টাকার একটা আইচক্রিম আর ছোট ভাইয়ের জন্য ৬০ টাকার একটি প্লাস্টিকের গাড়ি কিনলে। এখন তোমার কাছে কত টাকা থাকবে? নিজের চেনা মেলার কথা শুনে শিশুরা খুব সহজেই অংকটি নিজের মনে করে সমাধান করবে।

০৩. মিথস্ক্রিয়া বা পারস্পরিক অংশগ্রহণ-

শিক্ষক শুধু একতরফা বলে যাবেন আর ছাত্ররা শুনবেÑএই পদ্ধতি এখন পুরোনো। ক্লাসে দলগত কাজ, কুইজ বা জোড়ায় জোড়ায় আলোচনার সুযোগ রাখতে হবে, যাতে প্রতিটি শিশু কথা বলার সুযোগ পায়।

উদাহরণ: দ্বিতীয় শ্রেণীর বাংলায় ‘খামার বাড়ির পশুপাখি’ পড়ার সময় শিক্ষক পুরো ক্লাসকে কয়েকটি দলে ভাগ করে দিলেন (যেমন: গরু দল, ছাগল দল, হাঁস দল)। এবার একেক দলকে তাদের নির্ধারিত পশুর ডাক এবং তারা কী খায় তা অভিনয় করে বা মুখে বলে অন্য দলকে বোঝাতে বললেন। এতে পুরো ক্লাস উল্লাসে মেতে উঠবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

০৪. দৃশ্যমান উপকরণ ও অঙ্গভঙ্গি :-

শিশুরা চোখের সামনে কিছু দেখলে বা নিজেরা নড়াচড়া করতে পারলে সবচেয়ে ভালো শেখে। আমাদের দেশে দামি প্রজেক্টর না থাকলেও ঘরের বা মাঠের সহজলভ্য জিনিস এবং শিক্ষকের শারীরিক অঙ্গভঙ্গি/বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই চমৎকার দৃশ্য তৈরি করা সম্ভব।

উদাহরণ: প্রথম শ্রেণীর ‘বর্ণপরিচয়’ বা ‘কাউন্টিং’ শেখানোর জন্য শিক্ষক ক্লাসরুমের বাইরে স্কুলের মাঠে নিয়ে গেলেন। সেখানে মাটিতে দাগ কেটে বা গাছের পাতা, ছোট ছোট পাথর কুড়িয়ে এনে বললেন, “চলো তো আমরা ৫টি করে পাথর আলাদা করি।” অথবা ‘কাক ও কলসি’র গল্প বলার সময় শিক্ষক নিজেই কাকের মতো ডানা ঝাপটানোর অভিনয় করে দেখাতে পারেন।

০৫. প্রতিফলন ও মজার পুনরাবৃত্তি-

ক্লাস শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে পুরো ক্লাসে কী শেখা হলো তা একঘেয়ে প্রশ্নের মাধ্যমে না জেনে, কোনো মজার খেলা বা কুইজের মাধ্যমে ঝালিয়ে নিতে হবে।

উদাহরণ: ক্লাস শেষের আগে শিক্ষক একটি ছোট বল (কাগজের তৈরি গোল্লাও হতে পারে) নিয়ে ‘মিউজিক বল’ খেলা শুরু করলেন। শিক্ষক যখন হাততালি থামাবেন, বলটি যার হাতে থাকবে সে আজকের পাঠ থেকে একটি মজার তথ্য বলবে। অথবা “আজকে আমরা যা শিখলাম, তা বাড়ি গিয়ে কাকে বলবে এবং কীভাবে বলবে?”Ñএই প্রশ্নের মাধ্যমে ক্লাস শেষ করা। এতে শিক্ষকের মূল্যায়নও হয়ে গেল, আবার হাসিমুখে ক্লাসটি শেষ হলো।

প্রাথমিক বিদ্যালয়ের একটি আদর্শ ক্লাসরুম হলো শিশুর আগামীর স্বপ্ন বোনার কারখানা। সেখানে শিক্ষক কেবল তথ্যের বাহক নন, বরং একজন দক্ষ জাদুকর। ওপরের পাঁচটি জাদুকরী সুতোÑআকর্ষণীয় সূচনা, বাস্তবতার ছোঁয়া, আনন্দময় অংশগ্রহণ, দৃশ্যমান অভিজ্ঞতা এবং খেলার ছলে মূল্যায়নÑযখন একসাথে মিলেমিশে যায়, তখন পড়াশোনা আর চাপ বা মুখস্থবিদ্যার বৃত্তে বন্দি থাকে না। তা হয়ে ওঠে শিশুর প্রতিদিনের আবিষ্কারের আনন্দ।

যেদিন আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এই রূপান্তরের মধ্য দিয়ে যাবে, সেদিন আর কোনো শিশুকে ক্লাসরুমে বসে জানালার বাইরে মনখারাপের মেঘ গুনতে হবে না। বরং প্রতিদিন সকালে তারা এক বুক আগ্রহ নিয়ে স্কুলের দিকে ছুটবেÑনতুন একটি জাদুর বাক্সের খোঁজে, নতুন কিছু শেখার আনন্দে।

বিষয়ভিত্তিক ভাষা শিক্ষা ও গাণিতিক দক্ষতা অর্জনের আকর্ষণীয় পাঠদান কৌশলÑ

ক) ভাষা শিক্ষা (বাংলা ও ইংরেজি)Ñ

ভাষা শেখার মূল ভিত্তি হলো আনন্দদায়ক উপায়ে শব্দভাণ্ডার বাড়ানো এবং আত্মবিশ্বাস তৈরি করা।

শব্দ ছক ও ফ্ল্যাশকার্ড

প্রতিদিন বোর্ডে একটি নতুন শব্দ লিখে সেটি দিয়ে বাক্য তৈরির খেলা খেলা যেতে পারে। বর্ণ বা শব্দ লেখা ফ্ল্যাশকার্ড উল্টে রেখে শিশুদের তা খুঁজে বের করতে বলা বেশ কার্যকর।

অভিনয়ের মাধ্যমে গল্প বলা

বইয়ের কোনো গল্প বা সংলাপ শুধু রিডিং না পড়িয়ে, শিক্ষার্থীদের ছোট ছোট চরিত্রে ভাগ করে অভিনয় করতে দিলে তারা বিষয়টির গভীরে প্রবেশ করতে পারে।

ছবি দেখে গল্প বলা: বইয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করাÑ”বলতো এখানে কী হচ্ছে?” এতে শিশুদের কল্পনাশক্তি ও কথা বলার জড়তা কেটে যায়।

খ) গণিত শিক্ষা

গণিত অনেক শিশুর কাছে ভয়ের কারণ হতে পারে, তাই এটিকে বাস্তব জিনিসের সাথে মিলিয়ে দেওয়া জরুরি।

ক। বাস্তব উপকরণের ম্যাজিক

যোগ-বিয়োগ বা গুণের ধারণা দিতে কাঠি, মার্বেল, পাতা বা চকলেট ব্যবহার করুন। ৩টি কাঠির সাথে ২টি কাঠি মেলালে ৫টি হয়Ñএটি চোখে দেখলে তারা সহজে ভুলবে না।

খ । গণিতের ছড়া ও খেলা: সংখ্যার ছড়া বা “নামতার গান” গেয়ে গেয়ে মুখস্থ করালে তা আনন্দদায়ক হয়। এছাড়া “লুডু” বা “ছক্কা” খেলার মাধ্যমে যোগ-বিয়োগের প্রাথমিক ধারণা খুব দ্রুত দেওয়া । এক্ষেত্রে কঠিন

চ্যালেঞ্জ হচ্ছে দামী উপকরণের অভাব।

সব সময় প্রজেক্টর বা দামী চার্ট পেপার পাওয়া যায় না।

সমাধানÑ’বিনা মূল্যের উপকরণ’(লো কস্ট+ নো কস্ট) প্রকৃতি ও চারপাশ থেকে উপকরণ সংগ্রহ করুন। খালি ম্যাচ বক্স, প্লাস্টিকের বোতলের ছিপি (গণনার জন্য), পুরানো ক্যালেন্ডারের উল্টো পিঠ (বড় চার্ট লেখার জন্য) বা খবরের কাগজের ছবি কেটে চমৎকার শিক্ষা উপকরণ তৈরি করা যায়। এর জন্য কোনো বাড়তি ফান্ডের প্রয়োজন হয় না।

রাশেদা আতিক রোজী : ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি ), চাঁদপুর সদর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়