শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:০৯

দীর্ঘ পথচলায় চাঁদপুর কণ্ঠের সাথেই আছি

অমৃত ফরহাদ
দীর্ঘ পথচলায় চাঁদপুর কণ্ঠের সাথেই আছি

শিশু কণ্ঠ আর আমি, আমি আর শিশু কণ্ঠ একটা সময় তফাৎ ছিলো না। আমাদের কণ্ঠ ভেসে উঠতো শিশু কণ্ঠের পাতায়। শিশু কণ্ঠ এবং পাঠক ফোরাম একটা সময় অবসর, ভালোলাগা এবং ভালোবাসার সঙ্গী ছিলো। একটি সপ্তাহ অধীর আগ্রহ নিয়ে বসে থাকতাম। মাঝখানের এই সময়টুকু ভাবনার অতলে হারিয়ে যেতাম। শিশু কণ্ঠ কতটুকু আগ্রহ এবং ভালোলাগার বিষয় ছিলো বর্তমান প্রজন্মকে বুঝানোর সেই যথার্থ ভাষা বা শব্দ প্রয়োগে অক্ষম আমি।

ভালোলাগার বিষয় হলো- যে শিশু কণ্ঠ এবং পাঠক ফোরামে লিখে আজ আমি অমৃত ফরহাদ।সে শিশু কণ্ঠের ধারাবাহিক প্রকাশের আজ ৭০০ তম সংখ্যা। এর চেয়ে বিস্ময়কর বিষয় হলো দীর্ঘ এই পথ চলায় কোনো না কোনভাবে চাঁদপুর কণ্ঠের সাথেই আছি। সাপ্তাহিক থেকে শুরু করে, ট্যাবলয়েট সাইজ থেকে বর্তমান অবস্থায়। একটা সময় সাহিত্য লিখলেও এখন সংবাদ এবং উপ-সম্পাদকীয়ও লিখছি। সেই সময় নুরুল ইসলাম ফরহাদ নামে লিখলেও বর্তমানে অমৃত ফরহাদ নামে লিখছি।

মনে পড়ে যায় সায়ীদ আহমাদ খান ভাইয়ের কথা। মির্জা জাকির ভাই যখন প্রবাসে চলে যান তখন শিশু কণ্ঠের দায়িত্ব পান সায়ীদ ভাই। খুবই আন্তরিক মানুষ। আমি কোন লেখাটি জাতীয় পত্রিকায় পাঠাবো সায়ীদ ভাই বলে দিতেন। ‘ফরহাদ, তোমার এই লেখাটি দারুণ হয়েছে। জাতীয় পত্রিকায় পাঠাও নিশ্চয় প্রকাশ হবে।’ ভাইয়ের কথাগুলো এখনো কানে বাজে। সায়ীদ ভাই যে লেখাগুলো নির্বাচন করে দিতেন আমি সেগুলো জাতীয় পত্রিকায় পাঠাতাম। ঠিকই তার নির্বাচিত অধিকাংশ লেখাই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাকে যখন সে পত্রিকা দেখাতাম মনে হতো তিনি আমার চেয়ে বেশী খুশি হইতেন। না বলা আরেকটি কথা হলো- আমরা যারা ঐ সময় শিশু কণ্ঠে এবং পাঠক ফোরামে লিখতাম, তাদের সাথে হয়তো বছরে দুই তিন বার দেখা হতো। কিন্তু একজনের প্রতি আরেকজনের যে আন্তরিকতা এবং ভালোবাসা ছিলো তা ছিলো অকল্পনীয়। সে সময় মোবাইল ছিলো না। তবে আমাদের সাথে প্রতি সপ্তাহে কথা হতো। পত্রিকার সাপ্তাহিক পাতা ছাড়াও আমরা কথা লিখতাম কাগজে। চিঠি অথবা পোস্ট কার্ড বিনিময় হতো প্রায় সময়।

আজ আমি লেখক, সাংবাদিক, সংগঠক, সাহিত্য একাডেমি চাঁদপুর এর নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সদস্য, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি- সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নির্বাচিত সাধারণ সম্পাদক সহ আরো বহু সংগঠন, সংস্থার সাথে জড়িত। ফাউন্ডেশন কিন্তু দৈনিক চাঁদপুর কণ্ঠের ‘শিশুকণ্ঠ’। আর এর পিছনের কারিগর বা বটবৃক্ষ হলেন সর্বজনাব কাজী শাহাদাত। তাকে সহ চাঁদপুর কণ্ঠের সাথে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়