প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২
তোমরাই চাঁদপুরের নক্ষত্র, একদিন দেশ চালাবে তোমরা : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
চাঁদপুরে স্বাধীনতার পর সর্ববৃহৎ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে চাঁদপুর শহরের মুনিরা ভবনে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫৩ জন মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনসহ সর্বস্তরের সুধীজনের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
|আরো খবর
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
ক্যাপশন :নিজ বাড়ি 'মুনিরা ভবনে'র সৃদৃশ্য আঙ্গিনায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। ছবি : চৌধুরী ইয়াসিন ইকরাম。
চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “তোমরা চাঁদপুরের নক্ষত্র। তোমরাই আমাদের গর্বিত সন্তান। তোমরাই একসময় বড় হয়ে দেশ চালাবে।”
তিনি চাঁদপুরের শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোকপাত করে বলেন, “আমাদের লক্ষ্য চাঁদপুরেই উচ্চশিক্ষা ও স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ইতোমধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৫ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। পাশাপাশি ইপিজেড ও ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে তরুণদের আর বাইরে যেতে হবে না।” এছাড়া চাঁদপুরের সব কলেজের শিক্ষার মান সমপর্যায়ে উন্নীত করার আশ্বাস দেন তিনি।
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের আশ্বস্ত করে সংসদ সদস্য বলেন, “টাকার অভাবে কারো পড়াশোনা বন্ধ হবে না। সমাজকল্যাণ মন্ত্রীর মাধ্যমে ৭৮৬ জন শিক্ষার্থীর তালিকা করা হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ৫০ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।” যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীরা জেলা প্রশাসক, ইউএনও বা সরাসরি তাঁর সাথে যোগাযোগ করতে পারবে বলে তিনি জানান।
সামাজিক ব্যাধি নির্মূল ও মব-জাস্টিস রোধে এমপি মানিক কঠোর বার্তা দিয়ে বলেন, “চাঁদপুরে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদখলকারীদের স্থান হবে না। তবে অপরাধ দমনে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না; কোনোভাবেই ‘মব’ হতে দেওয়া হবে না। মাদকের তথ্য পেলে ৯৯৯ নম্বরে অথবা ছবি তুলে পুলিশ ও প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।”
পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে গাছ লাগিয়ে ছবি পাঠাতে বলেন, যা একটি সরকারি আর্কাইভে সংরক্ষণ করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট’ দ্রুত শুরু করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম।
ক্যাপশন : জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্য অতিথিবৃন্দ। ছবি : চৌধুরী ইয়াসিন ইকরাম。
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম, হাইমচরের বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম। কৃতী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, আল-আমিন একাডেমীর মেহজাবিন ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা ও হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মিরাজুল ইসলাম মাহিন ও গীতা পাঠ করেন অপরাজিতা。
পর্যবেক্ষক মহলের মতে, স্বাধীনতার পর চাঁদপুরে এতো বড় পরিসরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার ঘটনা এটাই প্রথম। দিনটি চাঁদপুরের শিক্ষা ও উন্নয়ন ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
ডিসিকে/ এমজেডএইচ










