প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:২৩
ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) বিদ্যালয়ের হলরুমে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
নবগঠিত কমিটির সভাপতি ও বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. শামীম হোসেন মিজি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাড. মো. মনজুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শরীফ হাওলাদার, মহিলা ইউপি সদস্য মুক্তা আক্তার, মরিয়ম আক্তার, মো. মারুফ হোসাইন পাটওয়ারী, শফিকুর রহমান, সুমন হাওলাদার, মোসাম্মৎ তানিয়া বেগম ও সুনিয়া খান।
প্রধান অতিথি মো. শামীম হোসেন মিজি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষার মান বাড়াতে এবং প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের সঠিক দিকনির্দেশনা বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিদ্যালয়ের শিক্ষার মান ও খেলাধুলার ব্যাপক উন্নয়ন সম্ভব।
পরিচিতি সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফিরোজ খান, রাহাত বিন ইসলাম, নাজমা আক্তারসহ এলাকার গণ্যমান্য রাজনীতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ক্যাপশন :
১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও অভিষেক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামীম হোসেন মিজি।








