প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সূত্র : ঢাকা পোস্ট। ডিসিকে /এমজেডএইচ






