প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৪
শিক্ষকতার উৎকর্ষে প্রশিক্ষণের বিকল্প নেই
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান বলেন, “প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। একজন শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি শিক্ষাদান পদ্ধতি সংক্রান্ত দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জ্ঞান ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও শিক্ষাদান পদ্ধতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মইনুল ইসলাম। তিনদিনব্যাপী এ কর্মশালায় আধুনিক শিক্ষাদান কৌশল, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, সক্রিয় শিক্ষণ, কার্যকর উপস্থাপনাসহ শিক্ষাদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও আনন্দময় করা সম্ভব।
সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক নাজমুন নাহার। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসাইন, সহকারী কর্পোরেট অফিসার মো. ইকবাল হোসাইনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমেই এ আয়োজনের প্রকৃত সার্থকতা নিশ্চিত হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে ভূমিকা রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত পাঠদান নিশ্চিত করার প্রত্যয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।








