প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:০৮
চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন

শনিবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে যাবার একদিন পরই অর্থাৎ ১৮ মে ২০২৬ (সোমবার) চাঁদপুরে ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন-রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ হয়েছে, যার স্মারক নং০৩.০৬.২৬১৬.৩০৭.০৬.০০১.২৫-১২৫৯ তারিখ : ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩/১৮ মে ২০২৬।
|আরো খবর
এ অফিস আদেশে লিখা হয়েছে, চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজা কিংবা অন্য কোনো উপযুক্ত স্থানে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাই-বাছাই করার নিমিত্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে নিম্নরূপভাবে কমিটি গঠন করা হলো। আহ্বায়ক : সদস্য (প্রকৌশল), বেপজা, ঢাকা; সদস্য সচিব, প্রকল্প পরিচালক, বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই; সদস্যবৃন্দ : অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল অপারেশন), কুমিল্লা ইপিজেড; অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন)-১, বেপজা, ঢাকা; অতিরিক্ত নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ), বেপজা, ঢাকা; পরিচালক (হিসাব)-১, বেপজা, ঢাকা; পরিচালক (প্রশাসন)-২, বেপজা, ঢাকা; এসএম সাইফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (পুর), ঢাকা ইপিজেড; মো. মনিরুল ইসলাম, সিনিয়র ড্রাফটসম্যান, বেপজা।
অফিস আদেশে কমিটির কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। সেটি হচ্ছে : কমিটি চাঁদপুর জেলায় একটি নূতন ইপিজেড স্থাপনের বিষয়ে সামগ্রিক অর্থনৈতিক সম্ভাব্যতা (ইকোনমিক ফিজিবিলিটি) এবং কারিগরি উপযোগিতা পর্যালোচনার উদ্যোগ গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে আলোচনা ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উপযুক্ত স্থান নির্বাচনসহ এ ব্যাপারে
প্রাক-সম্ভাব্যতা যাচাইপূর্বক আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্বাহী চেয়ারম্যান, বেপজা বরাবর দাখিল করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন
ঢাকার ধানমন্ডীস্থ বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস এ অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন।








