প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২২:০৪
শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
|আরো খবর
শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, “ঢাকা-সিলেট রেলপথটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী ধরনের উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন এবং রেলের সেবার মান কীভাবে আরও উন্নত করা যায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
পরিদর্শনকালে মন্ত্রী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেট, পরিচ্ছন্নতা এবং স্টেশনের সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। তিনি স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখা, টয়লেটের মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে উপস্থিত রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
পর্যটকদের জন্যে সিলেট বিভাগে নতুন ট্রেন চালুর সম্ভাবনা সম্পর্কে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স অল্প। আমাদের কিছুটা সময় দিন। জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করে আমরা নিজ উদ্যোগেই বাস্তবায়নের ব্যবস্থা নেব।”
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, “সিলেট অঞ্চলের রেলব্যবস্থার আধুনিকায়ন, সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান সরেজমিনে যাচাই করতেই আজকের এই পরিদর্শন।” তিনি আরও জানান, এর আগে মন্ত্রী সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন।








