বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৫:১৬

শ্রীনগরে জলাবদ্ধ পানি মাড়িয়ে চলাচল, পানিবাহিত রোগে ভুগছেন শিশু ও বয়োবৃদ্ধরা

শ্রীনগরে জলাবদ্ধ পানি মাড়িয়ে চলাচল, পানিবাহিত রোগে ভুগছেন শিশু ও বয়োবৃদ্ধরা
আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

সারাদেশের মতো মুন্সীগঞ্জের শ্রীনগরেও ভারী বর্ষণের কারণে নিম্নাঞ্চলের সড়ক, রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

নিত্যপ্রয়োজনীয় কাজে জলাবদ্ধতা পেরিয়ে চলাচল করতে হচ্ছে কৃষক, শ্রমজীবী, রিকশা ও অটোরিকশাচালক, চাকরিজীবীসহ দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল মানুষদের। একইভাবে জলাবদ্ধ পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থী ও শিশু-কিশোরদের। এতে তাদের অনেক সময় বৃষ্টির পানি ও জলাবদ্ধ পানিতে ভিজতে হচ্ছে।

দীর্ঘ সময় জলাবদ্ধ পানি মাড়িয়ে চলাচলের কারণে শিশু ও বয়োবৃদ্ধদের মধ্যে হাঁচি-কাশি, নিউমোনিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত ও ঠান্ডাজনিত রোগ দেখা দিচ্ছে। অনেকে চিকিৎসার জন্যে স্থানীয় চিকিৎসালয়গুলোতে ছুটছেন। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক মো. আসলাম জানান, বর্তমানে তাঁর কাছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। তিনি এসব রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, ‘এখন বর্ষাকাল। এর ওপর ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলের বেশির ভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে। তাই যতোটা সম্ভব বৃষ্টির পানি ও জলাবদ্ধতা এড়িয়ে চলা উচিত। এরপরও কেউ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, জলাবদ্ধতার কারণে প্রতিদিনই তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়