প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:১৬
চাঁদপুরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে
--বিল্লাল হোসেন মিয়াজী

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিলো একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে এই সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে জেলা জামায়াত।
চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা এ সমাবেশে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, দেশ বাঁচলে রাজনীতি করতে পারবেন। স্বৈরাচার ফিরে এলে এ দেশ থেকে আবার জনগণের স্বাধীনভাবে চলাফেরা ও রাজনীতি বন্ধ হবে। সুতরাং সতর্ক থাকুন, স্বৈরাচার যাতে আর ফিরতে না পারে।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করুন, আর দেরি করবেন না। যদি বাস্তবায়ন না করেন, তবে জনগণ আপনাদের ছাড় দেবে না। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। দেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের ছায়া মেনে নেবে না।
গত দেড় দশকেরও বেশি সময়ের প্রসঙ্গ টেনে জেলা আমির বলেন, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিলো, তারা দেশ ছাড়ার গ্লানি সহ্য করতে না পেরে এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে দেশকে পেছনে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। সচেতন ছাত্র-জনতা এই ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, কোনো দুষ্কৃতকারী যেন আইন ও বিচারের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থান নিতে হবে।
বিএনপি সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের তো ‘মামার বাড়ি’ আছে, আপনাদের তো তা নেই। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পালাবে না, কারণ আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর; সুতরাং আমরা দক্ষিণে গেলেও মৃত্যু, উত্তরে গেলেও মৃত্যু। এ জন্য আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার পর আপনারা যদি মনে করেন, এখন যা বলবেন তা-ই হবে, তবে সেই ভুল করবেন না। যে জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে, ভুল করলে সেই জনগণই আবার টেনেহিঁচড়ে নামিয়ে আনবে। জনগণ এখন অনেক সচেতন।
শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা শুরা সদস্য মাওলানা ইউনুস হেলাল, আবুল হাসানাত এবং মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।







