প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:২৮
সন্তোষপুরে মিথ্যা চাঁদাবাজি মামলায় প্রবাসীকে হয়রানির অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে এক প্রবাসীকে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। সন্তোষপুর গ্রামের কবিরাজ বাড়ির মৃত সোনা মিয়া কবিরাজের ছেলে প্রবাসী মো. বাবলু কবিরাজ এই হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী বাবলু কবিরাজ প্রবাস থেকে দেশে ফিরে তার পৈত্রিক সম্পত্তি চাচা মো. লোকমান কবিরাজের কাছে দাবি করেন। কিন্তু চাচা সেই সম্পত্তি দিতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে সম্পত্তি দাবি করলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। অভিযোগ রয়েছে, এর জের ধরেই চাচা তার ছেলে আলামিন গাজীকে বাদী করে প্রবাসী বাবলুর বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করান। বর্তমানে ওই মামলায় বাবলু কবিরাজ জেলহাজতে রয়েছেন। মামলায় যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, বাস্তবে সেদিন ওই রকম কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, লোকমান কবিরাজ তার ভাতিজাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এতিম ভাতিজাকে হক প্রাপ্য বুঝিয়ে না দিয়ে উল্টো নিজের ছেলেকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। সম্পত্তি নিয়ে বাবলুর সঙ্গে তার চাচা কিংবা চাচাতো ভাইদের কোনো মারামারির ঘটনাও ঘটেনি। এভাবে মিথ্যা মামলা দিয়ে প্রবাসীকে হয়রানি করার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।








