প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৬:৪৮
চাঁদপুরের দুই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের এসএসসির ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে ডিসির কঠোর নির্দেশনা

চাঁদপুরের ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠান—সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণ সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের পাশাপাশি বিগত চার বছরের ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির সাফল্য, ধারাবাহিকতা এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে তা উত্তরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৬.৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন শিক্ষার্থী। অন্যদিকে, চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৯.৬৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৫৬ জন শিক্ষার্থী।
সভায় শিক্ষার মান আরও একধাপ এগিয়ে নিতে শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। বিশেষ করে শিক্ষকসমাজকে কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা চিরতরে বন্ধের কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, "পাঠদানের মূল কেন্দ্র হতে হবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের বিদ্যালয়মুখী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
সভায় উপস্থিত শিক্ষকমণ্ডলীও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা, নিয়মিত অভিভাবক সমাবেশ জোরদার করা এবং প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম (কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ) আরও গতিশীল করা এবং পাঠদানকালে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সভাশেষে আশা প্রকাশ করা হয় যে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরের এই দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনে ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও উৎকর্ষ সাধন করবে।








