প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১:২৩
জনসাধারণের ভূমি বিষয়ক সকল সমস্যা সমাধানে কাজ করছি
-----চাঁদপুর সদরের এসি ল্যান্ড প্রত্যয় হাশেম

‘ভূমি খাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’—এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং সদর উপজেলা ভূমি অফিস ও লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করা এবং সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সনাক, চাঁদপুর সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
তিনি গণশুনানিতে অংশ নিয়ে প্রশ্ন করার জন্য উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি জনসাধারণের ভূমি বিষয়ক সকল সমস্যা সমাধান করার। এজন্য আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। ভূমি সেবা নিতে গিয়ে আপনারা প্রকৃত তথ্য জেনে কাজ করবেন। প্রয়োজনে অফিসের বিভিন্নজনের কাছে তথ্য যাচাই করবেন। অফিসের কেউ কোনো অসততা দেখালে আমাকে জানাবেন।”
তিনি আরও বলেন, ভূমি আইন নিয়ে সাধারণ জনগণের তেমন ধারণা নেই। তবে ভূমি আইন ও ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের ধারণা থাকা প্রয়োজন। ভূমি নিয়ে অজ্ঞতার কারণেই অনেক সময় মানুষ হয়রানির শিকার হন। কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি করে জানিয়ে তিনি বলেন, দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত হবেন না। এ সময় তিনি ভূমি অফিসের বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করেন এবং উপস্থিত লোকজনের বিভিন্ন লিখিত ও মৌখিক প্রশ্নের জবাব দেন।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, “ভূমি বিষয়ে অজ্ঞতার কারণেই বিভিন্ন জটিলতায় পড়তে হয়। আমরা যদি সচেতন ও আন্তরিক হই, তবে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সদর উপজেলায় ভূমিসেবা নিয়ে যারা কাজ করছেন, তারা জনসাধারণের সেবা প্রদানে অত্যন্ত আন্তরিক। আজকের উত্থাপিত সুপারিশ ও সমস্যাগুলো ছাড়াও যদি কারও কোনো সমস্যা থাকে, তবে আপনারা সদর উপজেলা ভূমি কর্মকর্তার সাথে সরাসরি দেখা করতে পারেন। তবে সেক্ষেত্রে সঠিক তথ্য নিয়ে যাবেন।” তিনি সকলকে সামাজিকভাবে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ভূমি বিষয়ক সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি প্রভাষক জেসমিন আক্তার। ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক মো. খোরশেদ আলম পাটওয়ারী ও এসিজি সমন্বয়ক সাইফুল ইসলাম আকাশ। মুক্ত আলোচনায় স্থানীয় নাগরিকবৃন্দ তাদের ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য হাবিবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার, এসিজি (ভূমি)-এর সহ-সমন্বয়ক খোদেজা আক্তার, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গণশুনানি উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সেবা সম্পর্কিত বিষয়ে সুশাসন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
--







