প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২২:৪৬
আনোয়ারা-মতিউর মডেল মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ
১৫নং ওয়ার্ড উন্নয়নে অনেক পিছিয়ে আছে, আল্লাহ পাক সুযোগ দিলে উন্নয়নে ভূমিকা রাখবো
.............. আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর আনোয়ারা-মতিউর মডেল মাদরাসায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশারফ হোসাইন হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা অর্জন করতে ইসলাম তাগিদ প্রদান করেছে। আর সেই আলোকে যদি আমরা শিক্ষা অর্জন করি, তাহলে সেটা হবে নিজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ চায় তাদের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এবং এমন শিক্ষা পায়, যা গ্রহণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তিনি আরো বলেন, পৌরসভার নাগরিকরা ১৫নং ওয়ার্ড উন্নয়নে পিছিয়ে আছে। তার সাথে লেখাপড়ায়ও পিছিয়ে। বিশেষ করে জিটি রোড উত্তর এলাকায় কর্মসংস্থানে পিছিয়ে থাকা মানুষগুলো দেখলে বুঝা যায় তারা রাষ্ট্রের নাগরিক হিসেবে কতোটা পিছিয়ে আছে। আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি এই ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তিনি বলেন, এই সমাজকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আর সেই শিক্ষাটা হবে আদর্শ ও নৈতিকতার শিক্ষা। বর্তমানে চাঁদপুরে কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতা বেড়েছে। আমাদের চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক কিশোর গ্যাং ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সেটি নিয়ে তিনি কাজও করছেন।
|আরো খবর
তিনি বলেন, জিটি রোড এলাকায় মাওলানা মো. আবদুর রহমান গাজী একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন তাঁর বাবা-মায়ের নামে। এখানে যেভাবে শিক্ষার মাধ্যমে আলো ছড়াচ্ছে, তাতে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া শিক্ষার্থীদের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে।
মাদরাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. সুমন খান ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের কামরুল ইসলাম পাটওয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আলহাজ্ব মো. আমিনুল হক বেপারী।
মাদরাসার শিক্ষক মহিবুর রহমান মহিব্বুল্লাহর সঞ্চালনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদরাসার শিক্ষক মো. রাশেদ হোসেন, মো. আ. ছাত্তার খান ও আব্দুল আলী আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, মো. মিজানুর রহমান মিজি, মো. লোকমান হোসেন তালুকদার, মাদরাসার শিক্ষক মো. আবুল খায়ের, মো. জসিম উদ্দিন ও বোরহান সাইফ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও কবিতা আবৃত্তিতে শ্রেণীভিত্তিক অংশ নেয়। বিজয়ীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) মাদরাসার বার্ষিক মাহফিলে বাদ মাগরিব পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানশেষে প্রধান অতিথি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেন।








