প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৬
আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন।। তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির

চাঁদপুর শহরের নাজিরপাড়ায় স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে নাজিরপাড়াস্থ আন নাজির আইডিয়াল মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টের চেয়ারম্যান নাজমা রহমান এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহমান জিলানী (পিএইচডি) প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রহমান জিলানী বলেন, স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এ সংস্থাটি বিশেষ করে বার্ধক্য, প্রতিবন্ধকতা ও রোগব্যাধির কারণে সৃষ্ট চরম দারিদ্র্য এবং সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করে।
রহমান জিলানী চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা এবং চাঁদপুর সরকারি কলেজের মসজিদের জন্য ভূমিদাতা চুন্নু মিয়ার সুযোগ্য সন্তান। স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের সমন্বয়ে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শৈশবের স্মৃতিচারণ করে বলেন, নাজিরপাড়ার সঙ্গে তার নাড়ির টান রয়েছে। এখানে তার বোনের বাড়ি রয়েছে। বর্তমান মাদ্রাসার মাঠে আগে পুকুর ছিলো। শৈশবে সেখানে খেলাধুলা করতেন এবং গোসল করতেন। রহমান জিলানীর ভাইয়ের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিলো।
তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রহমান জিলানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তার ফাউন্ডেশনেও যাওয়া হয়নি। বর্তমানে যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় তিনি সব সময় পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি কাবিখা কর্মসূচি থেকে নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব এবং আন নাজির আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝিসহ জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি দুই পর্বে সঞ্চালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ হারিস উদ্দিন দেওয়ান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।সভাপতির সমাপনী বক্তব্যে রহমান জিলানী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন নাজির ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।








