বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২০:২৪

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক

স্টাফ রিপোর্টার।।
দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক
ক্যাপশন : চাঁদপুর শহরে দোকান ভাড়ার বিরোধ ও হামলার অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী কাজী হুমায়ুনকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরে দোকান ভাড়াকে কেন্দ্র করে বিরোধ এবং পরবর্তীতে মারধরের অভিযোগে ব্যবসায়ী কাজী হুমায়ুনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের ছায়াবাণী মোড় এলাকার ‘সিয়াম স্টোর’ থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগকারী সাজ্জাদ হোসেন এলিন (৩৪) জানান, শহরের ছায়াবাণী মোড়ে তার ফুফু জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ফাতেমা বেগমের মালিকানাধীন একটি দোকান প্রায় ১২ বছর আগে ভাড়া নেন কাজী হুমায়ুন। চুক্তির মেয়াদ তিন বছর আগে শেষ হলেও তিনি নতুন কোনো চুক্তি করেননি এবং গত এক বছর ধরে দোকান ভাড়াও পরিশোধ করছিলেন না। মালিকপক্ষের পক্ষ থেকে একাধিকবার ভাড়া পরিশোধ ও দোকান ছেড়ে দেওয়ার তাগাদা দেওয়া হলেও তিনি তা মানেননি।

এলিনের দাবি, এ নিয়ে বিরোধের জেরে তার ফুফু চাঁদপুর সদর মডেল থানায় কাজী হুমায়ুনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১২ অক্টোবর ২০২৬ (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে দোকানের মালামাল কিনতে যাওয়ার পথে কাজী হুমায়ুন ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

হামলায় এলিনের চোখ, কান, হাত ও কোমর রক্তাক্ত ও জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান (হাসপাতালের ছাড়পত্র/এমসি নম্বর- ৮৮২৮০/৩৭০)। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে আলোচনা করে এলিন চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কাজী হুমায়ুনকে আটক করে।

তবে দোকান ভাড়ার বিরোধ ও হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাজী হুমায়ুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়