প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২০:০৫
শাহরাস্তিতে যুবদল নেতার ফেসবুক পোস্টে তোলপাড়
কৃষি জমি ভরাটে লাখ টাকা জরিমানা

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে কৃষিজমি ভরাটের চিত্র নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি। সোমবার রাতে বিষয়টি প্রশাসনের নজরে আনার উদ্দেশ্যে পোস্ট দেওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
|আরো খবর
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পৌর এলাকার শ্রীপুর গ্রামে অভিযান চালায় শাহরাস্তি উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন/ভূমি নিয়ন্ত্রণ আইন' অনুযায়ী অপরাধ স্বীকার করায় জমির মালিক সুভাষ বর্মণকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি বলেন, “কৃষিজমি রক্ষায় সরকারের সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও অসাধু চক্র চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে জমি ভরাট করছে, যা অত্যন্ত দুঃখজনক। সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা নীরব থাকতে পারি না। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে আমাদের মূল্যবান কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।”
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, অবৈধভাবে কৃষিজমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








