শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০

মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

মাহবুব আলম লাভলু।।
মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট জেটিতে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী ‘মুকবিল-২’ নামের একটি লঞ্চে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে লঞ্চটিসহ দুই স্টাফকে আটক করেছে নৌ পুলিশ।

নিখোঁজ রবিনের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি মতলব উত্তর উপজেলার নবীপুর গ্রামের মোল্লা বাড়িতে বিয়ে করেছেন বলে জানান তার স্ত্রী নাসরিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুকবিল-২ লঞ্চটি ষাটনল ঘাটে পৌঁছালে ওই যুবক সেখান থেকে নামেন। তবে নিজের ব্যাগ লঞ্চে ফেলে এসেছেন মনে করে তিনি পুনরায় ভেতরে প্রবেশ করেন। ব্যাগ নিয়ে আবার নামার সময় লঞ্চটি পেছনের দিকে সরে যেতে থাকলে তিনি লাফ দিয়ে ঘাটে নামার চেষ্টা করেন। এতে তিনি মেঘনা নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, লঞ্চ চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর লঞ্চটি দ্রুত মোহনপুর ঘাটের দিকে চলে গেলে বেলতলী ও মোহনপুর নৌ পুলিশ ধাওয়া করে মোহনপুর এলাকায় লঞ্চসহ দুই স্টাফকে আটক করে।

খবর পেয়ে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করে। বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে আবহাওয়া প্রতিকূল থাকায় চাঁদপুর নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সড়কপথে রওনা হয়ে প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান শুরু করে।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম রওনা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়কপথে আসতে কিছুটা সময় লেগেছে। পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।"

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ জানান, "নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। প্রাথমিক ঘটনাস্থলে সন্ধান না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে।"

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, "ঘটনাটি জানার পরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।"

এদিকে, যাত্রী ওঠানামার সময় লঞ্চের নিরাপত্তা নিশ্চিতকরণ ও এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

---

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়