প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৩
শাহরাস্তিতে সাপে-কাটা অন্তঃসত্ত্বা নারীকে প্রথমবারের মতো দেওয়া হলো অ্যান্টিভেনম

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সাপের কামড়ে আক্রান্ত আট সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হয়েছে জরুরি অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি)। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে জরুরি চিকিৎসাসেবা প্রদানের পর রোগীর অবস্থার উন্নতি হলেও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু নাছের শাকিল বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের ২৩ বছর বয়সী ওই নারী বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে আক্রান্ত হন। রাত ৯টার দিকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।
রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে কর্মরত চিকিৎসক ডা. নুরুন নবী জুয়েল জানান, কামড়ের স্থানটি কালো ও ফোলা ছিল। পাশাপাশি বিষক্রিয়ার লক্ষণ হিসেবে 'পটোসিস' (চোখের পাতা হেলে পড়া) ও 'ব্রোকেন নেক সাইন' দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগেই রোগীকে ১০ ভায়াল অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়।
জরুরি চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অধিকতর নিরাপত্তা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল বলেন, "জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টাতেই তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।"
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে-কাটা কোনো রোগীকে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার ঘটনা এটিই প্রথম।








