প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুর শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ইকরা মডেল একাডেমিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে অংশ নেন।
|আরো খবর
অভিযানকালে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে। একই সঙ্গে তারা ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কাজ করে।
ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের তত্ত্বাবধানে এবং অন্যান্য শিক্ষকের সহযোগিতায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ দিনের কর্মসূচিতে অংশ নেয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এটি কেবল সাময়িক কোনো কার্যক্রম নয়; শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রতি বৃহস্পতিবার নিয়মিত এ কর্মসূচি পালন করা হয়। পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেবে।
শিক্ষকরা জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব জীবনে পরিবেশ সচেতনতার গুরুত্ব অনেক। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে পারবে।
স্থানীয়রা এ উদ্যোগকে সচেতনতা তৈরিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। ডেঙ্গু মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।








