বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

৭২ ঘণ্টার মধ্যে সারোয়ার ওয়াদুদের হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি।।
৭২ ঘণ্টার মধ্যে সারোয়ার ওয়াদুদের হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর বর্বরোচিত হামলা এবং মালামাল লুটপাটে জড়িত কিশোর গ্যাং সদস্য ও প্রধান আসামিদের গ্রেপ্তারে যাত্রাবাড়ী থানা পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনের বক্তারা।

বুধবার (২৩ অক্টোবর ২০২৬) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সাবেক সচিব ড. আব্দুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীসহ দেশের বিশিষ্ট নাগরিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও আলোচনায় জানানো হয়, সম্প্রতি যাত্রাবাড়ী থানা এলাকায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির কার্যালয় ভবনে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, স্থানীয় পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। শুধু তা-ই নয়, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে সন্ত্রাসীরা ওই নির্মাণাধীন ৬ তলা ভবনের বেজমেন্ট, গ্রেটবিম, কলাম, রডসহ বহু মূল্যবান মালামাল লুটতরাজ করে নিয়ে যায়।

এ ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি সিআর মামলা (মামলা নং: ৯৫১/২৬; ধারা: ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮৫, ৪২৭, ৪৪৭, ৫০৬ ও ৩৪ দণ্ডবিধি) দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে (এসআরবি) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে কোনো কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ করা হয়।

সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, "আইন প্রয়োগকারী সংস্থার এমন নিষ্ক্রিয়তা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিদের গ্রেপ্তার ও যথাযথ রিপোর্ট দিতে ব্যর্থ হয়, তবে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।"

সংবাদ সম্মেলনে বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ভূমিদস্যুতা, চাঁদাবাজি, বিদেশে টাকা পাচার এবং এস আলমের ব্যাংক লুটের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফজলুর রহমান খান, ফারুক আহমেদ, মাহফুজুর রহমান ভূঁইয়া, মোস্তফা কামাল এবং কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নুরুল হাসান, রেহানা আক্তার ও কিশোর গ্যাং নেতা তৌসিফসহ সকল জড়িত সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ৬৯-এর গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ড. নুরুজ্জামান, ড. জমিরুল আকতার, নজরুল গবেষক ও কবি এইচ এম সিরাজ, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, কৃষিবিদ সাইদুজ্জামান চপল, পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম এবং প্রকৌশলী মনির আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়