প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী
—হাফেজ মাওলানা মাকসুদুর রহমান

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। তিনি বলেন, এই অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশের জনগণ মহাসংকটে পড়বে। সাধারণ মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলবে। দেশের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে।
|আরো খবর
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে জেলা সভাপতি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত কমছে, সেখানে বাংলাদেশের জ্বালানির দাম বাড়ানো হলো অস্বাভাবিকভাবে। তাছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বর্তমানে তেলের বাজার নিম্নমুখী। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আমলা ও কূটনীতিকদের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।
জেলা সভাপতি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানান। তিনি বলেন, এ মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কলকারখানা বন্ধ হয়ে যাবে। ফলে নতুন করে সংকট সৃষ্টি হবে। শ্রমিক অসন্তোষ বাড়বে। একদিকে সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। এখন আবার জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠবে। এর প্রভাব পড়বে সাধারণ খেটে-খাওয়া মানুষের ওপর।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে পরিবহন ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাড়বে মুদ্রাস্ফীতি। এই অমানবিক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে সৃষ্ট গণরোষ গণআন্দোলনে রূপ নিতে পারে।








