বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩৮ বছর বয়সী বখাটের ৪ মাসের কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩৮ বছর বয়সী বখাটের ৪ মাসের কারাদণ্ড
ছবি ক্যাপশন: হাজীগঞ্জের বাকিলাতে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

১৩ বছরের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৩৮ বছর বয়সী আলাউদ্দিন নামের এক বখাটেকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলো আলাউদ্দিন। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং একাধিক বিয়ে করলেও তার কোনো স্ত্রী থাকেনি। আলাউদ্দিনের লাগাতার নিপীড়নে অতিষ্ঠ হয়ে মেয়েটি ও তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

পরে অভিভাবক, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও প্রধান শিক্ষকের যৌথ প্রচেষ্টায় আলাউদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, "মেয়েটির পরিবার থেকে বিষয়টি জানানো হলে আমরা সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবহিত করি।"

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হোসেন মোল্লা লিটন জানান, ঘটনা জানার পরপরই অভিযুক্ত বখাটেকে আটক করে মোবাইল কোর্টের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্তকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনার পাশাপাশি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে নানা পরামর্শমূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়