প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০১:৪১
ইলিশের দাম বৃদ্ধি ও অনলাইন প্রতারণা রুখতে সচেতনতামূলক সভা
প্রতারণারোধে বৈধ ব্যবসায়ীদের তালিকা প্রকাশের উদ্যোগ প্রেস ক্লাবের

চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদপুরের ইলিশের নামে চলমান অনলাইন প্রতারণা বন্ধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (চাঁদপুর) এবং চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চাঁদপুরের ইলিশের ঐতিহ্যকে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানের একদল সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ খুলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। তারা বিকাশ বা অন্যান্য মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে মাছ না পাঠিয়ে ফোন নম্বর ও আইডি ব্লক করে দিচ্ছে। এ প্রতারক চক্রের কারণে চাঁদপুর ঐতিহ্য হারাচ্ছে এবং সাধারণ ভোক্তাসহ আমাদের এখানকার প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “অনলাইন প্রতারণা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে কঠোর পদক্ষেপ নিতে হবে। চাঁদপুরের বৈধ ও নিবন্ধিত অনলাইন ব্যবসায়ীদের একটি তালিকা আমাদের দিলে প্রেস ক্লাব ও স্থানীয় মিডিয়ার মাধ্যমে আমরা তা বহুল প্রচারের ব্যবস্থা করবো, যাতে দেশের মানুষ সচেতন হতে পারে এবং আর প্রতারিত না হয়।” ইলিশের উচ্চমূল্য প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নদীতে ইলিশের সরবরাহ ও উৎপাদন কম হওয়ায় বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে।
সভায় অন্যান্য বক্তাদের মধ্যে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, চাঁদপুর ক্যাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, মৎস্য অফিসের এফএসও মোছা. ফারহানা আক্তার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী মানিক জমাদার, সাধারণ সম্পাদক শবেবরাত, জেলা ক্যাবের বিপ্লব সরকার এবং ব্যবসায়ী নুর ইসলাম বকাউল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অনলাইনে চাঁদপুর ইলিশের নামে যে অনিয়ম হচ্ছে, তার সঙ্গে স্থানীয় প্রকৃত ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা নেই। বহিরাগত অসাধু চক্রগুলো এ অন্যায় করছে। তারা ভোক্তাদের পরামর্শ দিয়ে বলেন, অনলাইনে ইলিশ ক্রয়ের ক্ষেত্রে অগ্রিম টাকা না দিয়ে ‘ক্যাশ অন ডেলিভারি’ (পণ্য বুঝে পেয়ে টাকা দেওয়া) পদ্ধতিতে মাছ কেনা উচিত। এ ছাড়া অবিশ্বাস্য কম দামে ইলিশের অফার দেখলে কেনাকাটার আগে বাজারদর যাচাই করার পরামর্শ দেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত মৎস্য ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে ইলিশ বিক্রি, পচা-নষ্ট মাছ বিক্রি বন্ধ এবং ওজনে কারচুপি না করার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে মৎস্য বণিক সমবায় সমিতির সহ-সভাপতি বাদশা মাল, সদস্য মো. মাসুদ খানসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন : চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
ডিসিকে /এমজেডএইচ








