প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৯
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ফরিদগঞ্জে সকালে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তেল কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত আবু তাহের উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা এলাকার মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাতটার দিকে সাইকেলযোগে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন আবু তাহের। ওনুআ চত্বর এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের জামাতা আলাউদ্দিন জানান, আবু তাহের গত তিন দশক ধরে উপজেলার কড়ৈতলী বাজারে ব্যবসা করে আসছিলেন। স্থানীয় সেচ পাম্প চালক ও ম্যানেজাররা তার কাছ থেকে জ্বালানি তেল কিনতেন। সোমবার সকালেও দোকানের জন্য তেল কিনতে তিনি ফরিদগঞ্জে এসেছিলেন। সুদীর্ঘ ব্যবসায়িক জীবনে এলাকায় তার বেশ সুনাম ছিল।
কড়ৈতলী বাজার কমিটির সদস্য আমান উল্লাহ বলেন, "আবু তাহের এলাকায় 'আবু তাহের মাস্টার' নামেও পরিচিত ছিলেন। এলাকার বহু মানুষের কাছে, বিশেষ করে সেচকাজে জড়িতদের কাছে তার কয়েক লাখ টাকা পাওনা রয়েছে। আশা করছি, দেনাদাররা সততার সাথে তাদের বকেয়া পরিশোধ করবেন।"
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








