প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৩৪
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের সচেতন ও সম্পৃক্ত করতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২০ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহ কুফল, ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদকের প্রলোভন থেকে দূরে থেকে লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানশেষে শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








