রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২১:৪৩

চাঁদপুরে এনসিপির জুলাই বিপ্লবীদের পথসভা

অতীতের সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে

----হাসনাত আব্দুল্লাহ এমপি

মো. মিজানুর রহমান।।
অতীতের সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা জানি দেশে চলমান অনেক সংকটে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে চলছে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লোডশেডিং সমস্যা। একই সাথে গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা আমাদেরকে আহত করেছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা শহরের বাইতুল আমিন মসজিদ চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত 'জুলাই পদযাত্রা ২০২৬'-এর জুলাই বিপ্লবীদের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তাঁর নেতৃত্বে শহরের মিশন রোড এলাকা থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি মিশন রোড,শহীদ মুক্তিযোদ্ধা সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে হকার্স মার্কেট হয়ে বাইতুল আমিন জামে মসজিদ চত্বরের সমাবেশে মিলিত হয়।

হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, এই পদযাত্রার উদ্দেশ্য, সরকার যে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করার দাবি। সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নি। লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণ দেখছে এই সরকার ক্ষমতায় আসার পর ইরানি যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত লোডশেডিংয়ের সমস্যার সমাধান করতে পারেনি। নামমাত্র কমিটি করলেও জ্বালানি তেলের সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। একই সাথে আমরা দেখছি, সরকার গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, ফলাফল প্রকাশের পর অতীত সরকারের মতো সরকার ফলাফল চুরি করেছে। অতীতের সরকার ভোট চুরি করতো, কিন্তু বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সেজন্যে আমরা আমাদের জায়গা থেকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চাঁদপুরে ছুটে এসেছি আপনাদের সামনে এই কথাগুলো বলার জন্যে। বৃষ্টি উপেক্ষা করে এনসিপির বহু নেতাকর্মী এবং তার সাথে আপনারা চাঁদপুরের জনগণ উপস্থিত হয়েছেন।

হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা আমাদের প্রার্থিতা ঘোষণা করবো। সেই লক্ষ্যে চাঁদপুরে আমাদের যাতায়াত অব্যাহত থাকবে। তিনি বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ অন্যান্য জেলা প্লাবিত হওয়ার কারণে আমরা আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবো।

পথসভায় চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভাসহ কর্মসূচিতে জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়