মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২০:১৭

'মাদকের বিস্তার রোধ ও আমাদের করণীয়' শীর্ষক কর্মশালা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই

— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

সংবাদদাতা।।
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 'মাদকের বিস্তাররোধ ও আমাদের করণীয়' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে 'মাদকের বিস্তার রোধ ও আমাদের করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। প্রত্যেক পরিবারকে সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে এবং তাদের চলাফেরা ও বন্ধুবান্ধব সম্পর্কে সচেতন থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসক বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. ইকবালুর রহমান এবং সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমান।

বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব, এর বিস্তার রোধে করণীয় এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়