প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৭:৩৪
ফরিদগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
—ওসি ফরিদগঞ্জ, মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলগামী শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা বিষয়ে সচেতন করার লক্ষ্যে ফরিদগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার, শিক্ষানুরাগী আব্দুল মতিন, সহকারী শিক্ষক মহসীন হোসেন ও রাজিয়া সুলতানা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রয়োজনীয় সচেতনতার অভাব এবং অভিভাবকদের সঠিক নজরদারি না থাকার কারণে মাদকের করাল গ্রাস স্কুলগামী শিক্ষার্থীদের গিলে খাচ্ছে। তারা না বুঝেই মাদক সেবনের দিকে ঝুঁকছে, ফলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এবং পরিবারগুলোও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার হোক, তবেই এই সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল হবে। আমাদের সমাজব্যবস্থাকে এগিয়ে নিতে হলে সবার আগে মাদকমুক্ত করতে হবে। তাই আসুন, আমরা এখন থেকেই প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।”
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, “আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে হবে। তাঁদের সন্তান কোথায় যায়, কী করে—এসব বিষয়ে খোঁজ রাখতে হবে।”
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।








