প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৯:৫৪
ফরিদগঞ্জের রাজাপুরে বসতঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা

ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাজীপুর এলাকার দক্ষিণ রাজাপুর গ্রামে বসতঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দক্ষিণ রাজাপুর গ্রামের আবদুল হক খানের ঘরের সামনে দিয়ে প্রভাব বিস্তার করে রাস্তা নির্মাণের পাঁয়তারা করা হচ্ছে। এ নিয়ে আবদুল হক খান ও তার পরিবারবর্গ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
আবদুল হক খান, পিতা মৃত শামসুল হুদা খান, পৈত্রিক ওয়ারিশ সূত্রে সাং ২০০ নং দক্ষিণ রাজাপুর, বিএস ৪৯ নং খতিয়ানের আলীম খাঁ ও সুমন খাঁ, পিতা মৃত মোনায়েম খানের অংশের মালিক ও দখলকার। ৩৬১ দাগে ৩.৫২ শতক ভূমির আধা অংশে ১.৭৬ শতক জায়গার দক্ষিণ অংশে তিনি বসবাস করে আসছেন। বর্তমানে আবদুল হক পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। এ সুযোগে ইসমাইল খাঁ, পিতা মৃত সুজাত খাঁ, শাহাদাত হোসেন, পিতা মৃত আনোয়ার খাঁ, মোয়াজ্জেম হোসেন, পিতা মৃত সেকান্দর খাঁ এবং বাবুল পাটোয়ারী, পিতা মৃত আবুল হোসেন পাটোয়ারী ও তাদের সাঙ্গপাঙ্গরা মিলে আবদুল হক খানের বসতঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে। রাস্তা নির্মাণের বিষয়টি জানতে পেরে তাদের নিষেধ করার পরও তারা প্রভাব বিস্তার করে রাস্তা নির্মাণ করা হবে বলে জানান।
এ ব্যাপারে আবদুল হক খান বলেন, আমার সম্পত্তির ওপর ও ঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণ করার জন্যে একটি মহল উঠেপড়ে লেগেছে। আমি বাড়িতে না থাকার কারণে ওই মহলটি আমার অনুপস্থিতিতে আমার বসতঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টায় লিপ্ত রয়েছে। রাস্তা নির্মাণ না করার জন্যে আমি প্রশাসনের সহযোগিতা ও দৃষ্টি কামনা করছি।








