বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২১:০৩

যুবদল নেতার ‘স্বস্তির শরবত’ বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
যুবদল নেতার ‘স্বস্তির শরবত’ বিতরণ
তীব্র গরমে পথচারীদের মাঝে স্বস্তির শরবত বিতরণ করছেন যুবদল নেতা শানু বেপারী।

তীব্র দাবদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠাণ্ডা কোমল পানীয় এবং শরবত বিতরণ করেছেন মো. শাহানুর বেপারী শানু নামে চাঁদপুর জেলা যুবদলের এক নেতা, সেখানে পৌর ৭ ও ৮নং ওয়ার্ড যুবদলের নেতারাও উপস্থিত ছিলেন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদ মোড়ে এ আয়োজন করা হয়। এতে অগণিত পথচারীকে শরবত পরিবেশন করা হয়। প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষদের মাঝে এই সামান্য উদ্যোগ যেনো এনে দেয় বড়ো স্বস্তি।

এ সময় শিশু, শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, রিকশাচালক ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেয়া হয় শীতল পানীয়।

চাঁদপুর পৌরসভা নির্বাচনের জন্যে ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহানুর বেপারী শানু নিজ উদ্যোগে বিনামূল্যে শীতল পানীয় (শরবত) বিতরণ করেন।

এ সময় গণমাধ্যমকে তিনি জানান, তীব্র গরমে মানুষের কষ্ট লাঘবের ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে তার ব্যক্তিগত পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শরবতের এক গ্লাস যেনো কিছুক্ষণের জন্যে হলেও স্বস্তি এনে দিয়েছে তাদের মাঝে।

এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন বাটু, প্রচার সম্পাদক আল-আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল, ৭নং ওয়ার্ড যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফজাল মাল, ৮নং ওয়ার্ড যুবদল সদস্য ফারুক ঢালী, সাজ্জাদ মোল্লাসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এখানে উল্লেখ্য, চাঁদপুর পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনের জন্যে স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানবিক কর্মকাণ্ড নিয়ে মাঠে কাজ করছেন। এরই অংশ হিসেবে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ পৃথকভাবে ব্যক্তিগত উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে হাতপাখা, সুপেয় পানি, জুস, ওরস্যালাইন ও কলম বিতরণ করেছেন। ছাত্রদলের বিভিন্ন ইউনিটও পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বোতলজাত পানি এবং পরীক্ষার উপকরণ বিতরণ করেছে।

অনেকে আবার তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে বোতলজাত বিশুদ্ধ পানি, শরবত ও লিফলেট বিতরণ করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নেতা-কর্মীরা জানিয়েছেন, চলমান দাবদাহে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়