বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:০১

কচুয়ায় সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।।
কচুয়ায় সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
ছবি : কচুয়ার কাপিলাবাড়িতে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের একাংশ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকার কয়েক হেক্টর কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কাপিলাবাড়ি মাদ্রাসা, এতিমখানা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের প্রবহমান খালটি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই এলাকার বাসিন্দা শহীদ উল্লাহ কোম্পানি প্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রকাশ্যেই খালের ওপর পাকা মার্কেট নির্মাণ করছেন।

স্থানীয়দের দাবি, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খালটি দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, যাতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিজমির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সরকারি সম্পত্তি এভাবে দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। দ্রুত এর প্রতিকার না হলে আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়বো। অবিলম্বে খালটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে চিঠির মাধ্যমে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছে এলাকার সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়