মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

মতলবের ফিলিং স্টেশনগুলোতে তেল নেই

সেচ কাজসহ রোগী ও জনসাধারণের ভোগান্তি

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবের ফিলিং স্টেশনগুলোতে তেল নেই
মতলব পৌর এলাকার তেল সরবরাহ বন্ধ থাকা মেসার্স নওরিন ফিলিং স্টেশন। ছবি : রেদওয়ান আহমেদ জাকির।

মতলব দক্ষিণ উপজেলার দুটি ফিলিং স্টেশনসহ বাজারের ডিলারের দোকানে জ্বালানি তেলের সরবরাহ নেই। এতে কৃষি সেচ প্রকল্পসহ যানবাহন চলাচল ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদান ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে রোগী ও জনসাধারণ।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) উপজেলার ফিলিং স্টেশন, বিভিন্ন বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঘুরে তেল না পাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলা সদরের কাজলী সিনেমা হল মোড়ের মেসার্স নওরিন ফিলিং স্টেশন ও নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং স্টেশনে গত ৫ দিন যাবৎ জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল) নেই। জ্বালানি তেলের সরবরাহ না থাকায় চলতি মৌসুমের ধান, ভুট্টা ও রবি শস্য জমিতে কৃষকগণ পর্যাপ্ত পানি দিতে পারছে না। এতে জমি শুকিয়ে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ব্যক্তিগত যানবাহন (মোটরসাইকেল) ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা জ্বালানি তেল না পাওয়ায় গন্তব্যে পৌঁছানো তাদের জন্যে কষ্টসাধ্য হয়ে পড়েছে। ভাড়ায় ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ।

তেল না থাকায় বিভিন্ন বাজারের সেবা প্রদানকারী জেনারেটরগুলো অকেজো হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জেনারেটর বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এছাড়া মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, পল্লী বিদ্যুতের কয়েকদিনের ঘন ঘন লোডশেডিং থাকায় তেলের অভাবে কর্তৃপক্ষ রোগীদের জেনারেটর-সেবা দিতে পারছেন না। গরমের অস্বস্তিতে রোগী ও রোগীর স্বজনরা কষ্ট পাচ্ছেন। এ সময় শিশু রোগী বেশি থাকার কারণে বৈদ্যুতিক পাখা না চলায় শিশুরা কান্নাকাটি করছে।

চট্টগ্রাম বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স সভার সিদ্ধান্ত মোতাবেক ফিলিং স্টেশন/ডিলার পয়েন্টে তেলের মজুদ, সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্যে গত ২৫ মার্চ উপজেলা নির্বাহী কে. এম. ইশমাম মতলব দক্ষিণ উপজেলাধীন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।

মতলব পৌর এলাকার মেসার্স নওরিন ফিলিং স্টেশনের ট্যাগ ও উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর এবং নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং স্টেশনের ট্যাগ ও জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহম্মেদ বলেন, গত ৫ দিন যাবৎ ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে বিক্রির রেজিস্টারে গরমিল থাকায় মেসার্স নওরিন ফিলিং স্টেশনের মালিককে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং প্রধানীয়া ফিলিং স্টেশনকে ২ লক্ষ টাকা জরিমানা ও জ্বালানি তেল জব্দ করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান বলেন, তেলের সংকটে তেল কিনতে পারছি না। তেল কিনতে চাঁদপুরে লোক পাঠানো হয়েছে। কিন্তু গ্যালনে তেল না দেওয়ায় হাসপাতালের জেনারেটর চালানো যাচ্ছে না, ফলে রোগী ও স্বজনদের কষ্ট হচ্ছে। তেল পেলে এ কষ্ট লাঘব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়