বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২১:৫৬

প্রশাসনের অনুমতি নেই

মতলবে শাহ সোলেমান লেংটার মেলায় চলছে মাদকের মহোৎসব

মাহবুব আলম লাভলু।।
মতলবে শাহ সোলেমান লেংটার মেলায় চলছে মাদকের মহোৎসব

মতলব উত্তর উপজেলার বদরপুরে শুরু হয়েছে শাহ সোলেমান (রহ.) ওরফে সোলেমান লেংটার মাজারের বাৎসরিক ওরশ উপলক্ষে মেলা। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা থাকলেও আগে ও পরে মেলাটি ক'দিন স্থায়ী হয়--এবার প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়নি। বিগত বছরগুলোতে নানা অনিয়মের অভিযোগ ওঠায় এবার প্রশাসন অনুমোদন দেয়নি বলে জানা যায়।

উল্লেখ্য, গাঁজার দোকান, জুয়া, চাঁদাবাজি এবং অশ্লীলতার অভিযোগ করে ক'টি সংগঠন মেলা বন্ধ রাখার দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করে।

এবার মেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেলার টাকার ভাগবাঁটোয়ারা এবং অপরদিকে মাদকের বিরোধিতা করায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পাল্টাপাল্টি বক্তব্যে পাওয়া যায়। সংঘর্ষে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া আহত হন।

সরজমিনে মেলা ঘুরে দেখা গেছে, ওরশকে কেন্দ্র করে মাজারের প্রায় চার কিলোমিটার জুড়ে মেলার এই বিস্তৃতি। পুরো এলাকা জুড়ে বিভিন্ন দোকানপাট সাজিয়ে বসা হয়েছে।

সোলেমান লেংটার মাজারের আশপাশে তার অনুসারীদের অন্তত ১৮ থেকে ২০টি মাজার এবং দুই শতাধিক খানকা বা ভক্তদের আস্তানা রয়েছে। এসব স্থানে নারী-পুরুষ একসঙ্গে গান-বাজনার সঙ্গে নাচানাচিতে অংশ নিচ্ছেন। এ যেনো অশ্লীলতাকেও হার মানায়।

এই মেলায় গাঁজার দোকান বসিয়ে চলছে গাঁজা সেবনের মহোৎসব। গাঁজার দোকান, আফিমসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে। এই মেলায় সারাদেশ থেকে ছুটে আসে নেশাখোরেরা। এছাড়া মেলার ক'টি এলাকায় নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসরও দেখা গিয়েছে। এ মেলাকে মাদকের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে। এদিকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সচেতন মহল জানান, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিন-রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসে, তা মেনে নেয়া যায় না। মেলা এলাকার শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হবে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে এলাকার কিশোর-তরুণরা। নষ্ট হবে সামাজিক পরিবেশ। উপরে চলছে মেলা আর ভেতরে চলছে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা। প্রশাসনের কাছে আবেদন করছি এই মেলাকে কেন্দ্র করে কোনো রকমের মাদক, জুয়া, নারী ব্যবসা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, মেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পোশাকধারী অর্ধশত পুলিশ সদস্য এবং সিভিল পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যই এখানে কাজ করছে। মাদক ও জুয়ার বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মতলবের সোলেমান লেংটার মেলা অনেক বড়ো এবং বিশাল আকৃতির মেলা। জেলা প্রশাসন থেকে এখনো এই মেলার অনুমোদন দেয়া হয়নি। অনুমোদন পেলে এই মেলার শৃঙ্খলা বজায় রাখার জন্যে কর্তৃপক্ষের সাথে আইনশৃঙ্খলা সভা করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ভূমিকা রাখা হবে।

পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে 'লেংটা বাবা' বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তাঁর মাজার এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে ওই মাজারের খাদেম, আশেকানরা মেলা ও বার্ষিক ওরশের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি লেংটার মেলা নামে পরিচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়