প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৪:২৫
এতিম শিশুদের উৎসবমুখর ঈদ উদযাপনে ক্লীন চাঁদপুরের ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুর শহরের বাবুরহাট শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে উৎসবমুখর ঈদ উদযাপনে ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করেছে।
ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ ২০২৬) দুপুরে বাবুরহাট সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ঈদ উদযাপন করেন
জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশুদের সাথে ভোজনে অংশ নেন।
তিনি বলেন, এই শিশু পরিবার একটি ফুলের বাগান। এখান থেকেই একদিন সমাজ আলোকিত হবে। এই শিশুরাই ভবিষ্যতে অনেক স্থানে গুরুত্বপূর্ণ পদ বহন করবে।
শিশু পরিবারের এই শিশুদের মা-বাবা যেনো সরকারের সমাজসেবা অধিদপ্তর। ঈদ হোক আনন্দের, সবার জীবন হোক সুন্দর।
শতাধিক এতিম শিশুকে নিয়ে উৎসবমুখর ঈদ উদযাপনে সকাল থেকে এই শিশু পরিবার কেন্দ্রের মিলনায়তনে সেমাই খাওয়ার মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়। মা-বাবা, পরিবার-পরিজন ছাড়াই বেড়ে ওঠা এই শিশুদের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ছোট্ট শিশুর কণ্ঠে গানে গানে মুগ্ধ হয়ে উঠেন উপস্থিত সবাই। ঈদের এমন আয়োজনে খুশি ছিলেন ঠিকানাবিহীন এই শিশুরা।
উৎসবে খেলনা, চিপস, চকলেট, আইসক্রিমসহ বিভিন্ন শিশুখাদ্য নিয়ে হাজির হন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নুরুল আমিন আকাশ ও ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের চীফ অপারেটিং অফিসার ও ক্লীন চাঁদপুরের উপদেষ্টা ফয়সাল খানসহ রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
শিশুদের পরিচর্যায় নিয়োজিত তত্ত্বাবধায়ক ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ছায়েফ উদ্দিন জানান, এখানে মেয়ে শিশুরা থাকে। তাদেরকে ঈদের পোশাক ও বিশেষ খাবার পরিবেশন করা হয়।
শিশু পরিবারের সপ্তম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা বলেন, আজকে ঈদের সময় এ অনুষ্ঠানটা করায় আমাদের কাছে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, বাসাতেই পরিবারের সদস্যদের নিয়ে আমরা ঈদ আনন্দ করছি।
অনুষ্ঠানে বাবুরহাট শিশু পরিবারের সদস্যসহ ক্লীন চাঁদপুরের সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল, উপদেষ্টা হাসান আল জায়েদ রিফাই, সদস্য মাহফুজ আখন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।








