মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

ক্রীড়াঙ্গনে উজ্জ্বল মুখ চাঁদপুরের গৌরব মাহবুবুর রহমান শাহীন

ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বিওএর সিনিয়র উপ-মহাসচিব

ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক
ক্রীড়াঙ্গনে উজ্জ্বল মুখ চাঁদপুরের গৌরব মাহবুবুর রহমান শাহীন

ক্রীড়া সংগঠক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা, যোগ্যতা ও সাংগঠনিক প্রজ্ঞার স্বাক্ষর রেখে চলেছেন চাঁদপুরের কৃতী সন্তান মাহবুবুর রহমান শাহীন। দেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত এই ব্যক্তিত্ব একাধারে সাবেক ক্রীড়াবিদ, দক্ষ ক্রীড়া সংগঠক ও সমাজসেবক। সাঁতার, ফুটবল এবং অলিম্পিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততায় তিনি অর্জন করেছেন বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা।

চাঁদপুরের সন্তান মাহবুবুর রহমান শাহীন দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে সাঁতার অঙ্গনে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্তও সফলতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ ও জেনারেল কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন তিনি।

বাংলাদেশের অলিম্পিক আন্দোলনেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র উপ-মহাসচিব নির্বাচিত হন মাহবুবুর রহমান শাহীন। এর আগে তিনি বিওএর কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য হিসেবেও দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রেখেছেন।

জাতীয় ক্রীড়া সংগঠনের পাশাপাশি ক্লাব ও স্থানীয় পর্যায়েও তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা প্রশংসনীয়। ঢাকার ঐতিহ্যবাহী ও প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চাঁদপুর শহরের অন্যতম ক্রীড়া সংগঠন গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্বেও রয়েছেন। দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আর্মি গলফ ক্লাবের আজীবন সদস্য হিসেবেও তিনি যুক্ত আছেন।

ক্রীড়াঙ্গনে তাঁর সাংগঠনিক পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। পাশাপাশি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

ক্রীড়াঙ্গনের বাইরেও মাহবুবুর রহমান শাহীনের রয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা। নিজ জেলা চাঁদপুরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ তাঁকে স্থানীয় পর্যায়েও পরিচিত করেছে।

একজন সাবেক ক্রীড়াবিদ থেকে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ক্রীড়া সংগঠক হয়ে ওঠার এই পথচলায় মাহবুবুর রহমান শাহীন নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাঁর দায়িত্ব পালন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব চাঁদপুরের জন্যও গর্বের বিষয়।

চাঁদপুরের ক্রীড়াঙ্গন থেকে জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ অবস্থান—মাহবুবুর রহমান শাহীনের এই পথচলা নিঃসন্দেহে নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠকদের জন্য অনুপ্রেরণার। সূত্র : মামুনুর রশিদের ফেসবুক পেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়