মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫

ছোট ভাবনা থেকে বড় আয়োজন

হাজীগঞ্জে ইউএনও'র ম্যারাথন-চমক

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জে ইউএনও'র ম্যারাথন-চমক

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন মুক্ত চিন্তার উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে একের পর এক সফলতার ছাপ রাখছেন। আকাশসম সরকারি দায়িত্ব সুচারুভাবে পালনের পাশাপাশি নিজ উদ্যোগে আয়োজন করছেন নানা সামাজিক কর্মকাণ্ড। এরই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন বয়সী প্রায় সহস্রাধিক মানুষকে নিয়ে সফলভাবে আয়োজন করেছেন ৮ কিলোমিটার ম্যারাথন দৌড়। এই আয়োজনের পরিকল্পনা, উৎসাহ ও দিকনির্দেশনা ছিলো মূলত ইউএনও'র নিজস্বই। ইতোমধ্যে এই আয়োজন দৈনিক চাঁদপুর কণ্ঠসহ দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমে স্থান পেয়েছে এবং হাজীগঞ্জবাসীর কাছ থেকে ব্যাপক সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্যসচেতন ইবনে আল জায়েদ হোসেন প্রতিদিন ভোরে ৫, ৬ বা ৮ কিলোমিটার দৌড়ান, সাঁতার কাটেন এবং জিম করেন। সেই অভ্যাস থেকেই হঠাৎ তার মনে হয়, সরকারি সব কর্মকর্তাকে নিয়ে ছোট পরিসরে একটি ম্যারাথনের আয়োজন করবেন।

নিজের এই ভাবনাকে কাজে রূপ দিতে বিভিন্নজনের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যারাথনের পরিসর বড় হতে থাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর চারদিক থেকে ব্যাপক সাড়া মেলে। একপর্যায়ে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় বয়সভেদে চারটি ভাগে বিনামূল্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়। নিবন্ধনের মাধ্যমে ১৫ থেকে ৩০ বছর বয়সীরা ‘এ’ ক্যাটাগরিতে, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ‘বি’ ক্যাটাগরিতে এবং ৪১ থেকে ৬০ বছর বয়সীরা ‘সি’ ক্যাটাগরিতে নাম লেখান ও দৌড়ে অংশ নেন। এর মধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপসহ প্রতিটি ক্যাটাগরিতে ৩ জনকে প্রাইজমানি ও ক্রেস্ট এবং ১৭ জন করে মোট ৫৪ জনকে মেডেল দেওয়া হয়। এ ছাড়া নিবন্ধনকারী সবাইকে একই রঙের টি-শার্ট ও নাশতা বিনামূল্যে দেওয়া হয়। ম্যারাথন চলাকালে বিশুদ্ধ পানি, নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসক এমনকি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়। শেষ পর্যন্ত উপজেলা পরিষদে গিয়ে ম্যারাথন শেষ হওয়ার পর তা আবালবৃদ্ধবনিতার এক মিলনমেলায় পরিণত হয়, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউএনও ইবনে আল জায়েদ হোসেন। আরও মজার বিষয় হলো, প্রচার ও নিবন্ধনে ম্যারাথনের দূরত্ব ৬ কিলোমিটার বলা হলেও বাস্তবে দূরত্ব নির্ধারণ করা ছিলো ৮ কিলোমিটার। শুরুতেই ৮ কিলোমিটারের কথা বললে অনেকে অংশ নাও নিতে পারেন—এই ভেবে বাকি ২ কিলোমিটার গোপন রাখা হয়েছিলো।

খোঁজ নিয়ে আরও জানা যায়, গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৬টায় ম্যারাথনটি শুরু হয়। উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক, হাজীগঞ্জ বাজারের চৌরাস্তা বিশ্বরোড, হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়ক ও বদরপুর মোড় হয়ে টোরাগড়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথন আয়োজনে সহযোগিতা করে উপজেলা ক্রীড়া সংস্থা, গণমাধ্যমকর্মী, বিএনপি, যুবদল, ছাত্রদল, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, "আসলে ম্যারাথনটি এতো বড় পরিসরে হবে, তা ভাবতে পারিনি। সবার সহযোগিতায় আয়োজন সুন্দর হয়েছে, সেজন্য সবার কাছে কৃতজ্ঞ।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়