মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০

খেলার মাঠ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু চাঁদপুরে

কচুয়া ও মতলব দক্ষিণে স্টেডিয়ামের কাজ চলমান, হাইমচরে জমি অধিগ্রহণ

আব্দুল্লাহ আল মামুন
খেলার মাঠ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু চাঁদপুরে

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে নূতন খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণ ও বিদ্যমান মাঠগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে জেলার চারটি উপজেলায় চারটি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে সচিবালয়ে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সভায় আগামী দু মাসের মধ্যে সারাদেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ দেন তিনি। জানা যায়, আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখা এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সে আলোকে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ২৭টি জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত প্রতিটি মাঠের আয়তন তিন থেকে আট বিঘার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে নিজ নিজ এলাকার বিদ্যমান খেলার মাঠের অবস্থা, নতুন মাঠের সম্ভাব্য স্থান ও প্রয়োজনীয় জমির তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর প্রস্তুতি চলছে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে জেলার চারটি উপজেলায় চারটি খেলার মাঠ তৈরির ব্যবস্থা করা হয়েছে। প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ যাতে খেলাধুলার উপযোগী থাকে, সে বিষয়েও কাজ করছি।"

তিনি আরও জানান, কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে। অন্যদিকে হাইমচর উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, "রাজরাজেশ্বর ও ইব্রাহিমপুর ইউনিয়নে খেলার মাঠ তৈরির জন্য দুটি খাসজমির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খেলার মাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা অবগত। এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলাধুলার উপযোগী রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, খেলার মাঠ তৈরির জন্য খাসজমি অধিগ্রহণের চেষ্টা চলছে। তবে পর্যাপ্ত খাসজমি না পাওয়ায় কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। তাই বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠসহ উপজেলার অন্যান্য মাঠ সংস্কার করে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, "শিশু-কিশোর ও তরুণরা যেন খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম অর্জন করতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।"

জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন বলেন, "খেলার মাঠ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের দায়িত্ব জেলা প্রশাসনের। এ ক্ষেত্রে জেলা ক্রীড়া অফিস সর্বাত্মক সহযোগিতা করছে। মাঠ নির্মাণের পাশাপাশি নিয়মিত খেলাধুলা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করাও জরুরি।"

সংশ্লিষ্টদের মতে, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে গ্রামীণ জনপদের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে, পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে শুধু মাঠ নির্মাণ করলেই এ উদ্যোগের সুফল পুরোপুরি মিলবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাঠের সীমানা সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ, খেলার সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষক নিয়োগ এবং সবার প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ থাকলে চাঁদপুরসহ সারাদেশে একটি শক্তিশালী তৃণমূল ক্রীড়া কাঠামো গড়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়