প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭
বন্ধ স্টেশন ও কম ট্রেন সহ নানা কারণ
চাঁদপুরে ঝিমিয়ে পড়ছে রেলের অর্থনৈতিক সম্ভাবনা

ব্রিটিশ আমলে বাণিজ্য ও যোগাযোগের প্রসার ঘটাতে ইলিশের বাড়ি চাঁদপুর জেলায় রেলপথ নির্মাণ করা হয়েছিল। এই রেলপথ দিয়েই যাত্রী পরিবহনের পাশাপাশি কৃষিপণ্য, মাছ, খাদ্যশস্য ও অন্যান্য পণ্য পরিবহন হতো বলে স্থানীয় সূত্রে জানা যায়। রেলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্টেশন, বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান। সময়ের পরিবর্তনে সড়ক যোগাযোগ এবং নৌ পরিবহনের বিস্তার ঘটেছে, বেড়েছে যাত্রীবাহী লঞ্চ, বাস ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চাঁদপুরের রেল যোগাযোগের আধুনিকায়ন ও বাণিজ্যিক ব্যবহার কতটা বেড়েছে, তা নিয়ে স্থানীয় জনমনে প্রশ্ন বিদ্যমান।
|আরো খবর
বর্তমানে চাঁদপুরের রেলপথ চালু থাকলেও এর পূর্ণাঙ্গ ব্যবহার হচ্ছে না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত ৫১ কিলোমিটার রেলপথের ১১টি স্টেশনের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে বন্ধ। ট্রেনের সংখ্যাও আগের তুলনায় কমেছে। ফলে জেলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, একসময় রেলপথনির্ভর পণ্য পরিবহনের যে ব্যবস্থা ছিলো, সেটিও এখন কার্যত সীমিত।
প্রশ্ন উঠেছে, নদীবন্দর, সড়ক ও রেল—যোগাযোগের তিনটি গুরুত্বপূর্ণ মাধ্যম থাকার পরও চাঁদপুরে রেলকে কেন্দ্র করে উল্লেখযোগ্য শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্র কেন গড়ে উঠছে না? ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই রেলপথে একদিকে কমেছে ট্রেনের সংখ্যা, অন্যদিকে বন্ধ হয়ে আছে একাধিক স্টেশন। পাশাপাশি অব্যবহৃত রেলওয়ে অবকাঠামো ও বিপুল সম্পত্তি যথাযথভাবে কাজে লাগানোর বিষয়টিও রয়ে গেছে আলোচনার বাইরে। এসব নিয়ে স্থানীয় নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। জেলাবাসীর আশঙ্কা, সময়ের সঙ্গে রেল যোগাযোগের গুরুত্ব ও ব্যবহার আরও কমতে থাকলে একসময় এই সম্ভাবনাময় যোগাযোগমাধ্যমটি কার্যত অচল হয়ে পড়তে পারে।
বাংলাদেশে রেল যোগাযোগের ইতিহাস শুরু হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর। তবে চাঁদপুরের রেল যোগাযোগের সূচনা আরও পরে। বাংলাদেশ রেলওয়ের ইতিহাসবিষয়ক তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে আসাম-বেঙ্গল রেলওয়ের অধীনে ১৮৯৫ সালের জুলাই মাসে লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৫০ দশমিক ৮৯ কিলোমিটার মিটারগেজ রেলপথ চালু করা হয়। তৎকালীন সময়ে এই রেলপথের মূল উদ্দেশ্য ছিলো বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন সহজ করা। চাঁদপুরের নদীবন্দর ও মাছের বাজারের সঙ্গে রেল যোগাযোগের সংযোগ থাকায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তী সময়ে পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশেও রেলপথটি চালু থাকে। কিন্তু সময়ের সঙ্গে সড়ক যোগাযোগের বিস্তার, নৌ পথে যাত্রীবাহী লঞ্চ-স্টিমার, বাস পরিবহনের প্রসার এবং পণ্য পরিবহনে ট্রাকের ব্যবহার বৃদ্ধির কারণে রেলের ওপর নির্ভরতা কমতে থাকে। এমতাবস্থায়, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই রেলপথের আধুনিকায়ন, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু, পর্যাপ্ত ট্রেন ও জনবল নিশ্চিত করা এবং রেলওয়ের সম্পত্তিকে অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় দীর্ঘদিনের এই রেল অবকাঠামো চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখতে পারতো, সেই সম্ভাবনা ক্রমেই সংকুচিত হয়ে পড়বে।
চাঁদপুরের রেল যোগাযোগের বর্তমান অবস্থার সবচেয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া যায় ২০২৬ সালের ১৩ অক্টোবর প্রকাশিত দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, চাঁদপুর থেকে লাকসাম জংশন পর্যন্ত ৫১ কিলোমিটার রেলপথে মোট ১১টি স্টেশন রয়েছে। এর মধ্যে মৈশাদী, সাহাতলী, বলাখাল, ওয়ারুক ও শাহরাস্তি স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। চাঁদপুর বড় স্টেশনের স্টেশন মাস্টারের বক্তব্য অনুযায়ী, জনবল সংকটের কারণে স্টেশনগুলো বন্ধ রয়েছে। অথচ স্টেশনগুলোর অবকাঠামো ব্যবহারযোগ্য অবস্থায় আছে বলে সংশ্লিষ্ট রেলকর্মীরা জানিয়েছেন।
এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্থানীয় যাত্রী, শিক্ষার্থী, রোগী ও স্বল্প আয়ের মানুষ। এসব স্টেশন চালু থাকলে আশপাশের এলাকার মানুষ কম খরচে রেলপথে যাতায়াতের সুযোগ পেতেন। বর্তমানে অনেককে স্টেশনে পৌঁছাতে কিংবা বিকল্প পরিবহন ব্যবহার করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, একসময় এই রেলপথে আটটি লোকাল ও দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করতো। বর্তমানে সেখানে একটি আন্তঃনগর ও একটি কমিউটার ট্রেন চলাচল করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখানে শুধু যাত্রীসেবার ঘাটতিই নয়, রেলপথের সম্ভাব্য আয় ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগও সংকুচিত হয়েছে।
চাঁদপুরের রেলওয়ে সম্পত্তি ব্যবস্থাপনা নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২০২৪ সালের ১৬ মে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে রেলওয়ের আবাসিক এলাকার জমির পরিমাণ প্রায় ১৮৭ একর। সেখানে ব্রিটিশ আমলে নির্মিত জরাজীর্ণ আবাসিক ভবন ও আধাপাকা ঘরে প্রায় এক হাজার পরিবার বসবাস করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবাসিক এলাকার পানি নিষ্কাশন, বিশুদ্ধ পানির সংকট, নোংরা পরিবেশ ও পুরোনো ভবনের দুরবস্থার কথাও উঠে আসে ওই প্রতিবেদনে।
এই ১৮৭ একরকে অবশ্য পুরো চাঁদপুর জেলার মোট রেলওয়ে জমি হিসেবে বিবেচনা করা যাবে না। এটি শহরের রেলওয়ে আবাসিক এলাকার বিষয়ে প্রকাশিত একটি হিসাব। পুরো জেলার রেলওয়ে জমির পরিমাণ, কোথায় কতো জমি রয়েছে, কতোটুকু লিজ দেওয়া হয়েছে এবং কতোটুকু অবৈধ দখলে রয়েছে—এসব বিষয়ে জেলাভিত্তিক হালনাগাদ সরকারি হিসাব প্রকাশ্যে পাওয়া যায়নি। অর্থাৎ রেলওয়ের বিপুল সম্পত্তি থাকার বিষয়টি জানা গেলেও সেই সম্পত্তি থেকে জেলার অর্থনীতিতে কতোটা আয়, কর্মসংস্থান কিংবা বাণিজ্যিক সুবিধা তৈরি হচ্ছে, তার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়।
এছাড়াও, চাঁদপুরে রেলওয়ের জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ নতুন নয়। ২০২৫ সালের ২৩ মার্চ বড়স্টেশন এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে দু শতাধিক দোকানপাট, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদের খবর প্রকাশিত হয়। এ ধরনের অভিযান সরকারি সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ। তবে শুধু উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না। উদ্ধার করা জমি কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, কোথায় বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং লিজের মাধ্যমে কতো রাজস্ব আসছে, সেসব তথ্যও গুরুত্বপূর্ণ।
২০২৬ সালের ২৯ অক্টোবর জেলার বহুল প্রচারিত মাধ্যম দৈনিক চাঁদপুর কণ্ঠে মৈশাদী রেলস্টেশন সংলগ্ন তালতলা বাজারে রেলওয়ের কৃষি লিজের জমিতে স্থায়ী বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ প্রকাশিত হয়। এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে লিজের শর্ত, জমির শ্রেণি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। বাংলাদেশ রেলওয়ের জমি শুধু রেললাইন ও আবাসিক ভবনের জন্য নয়, আইন ও বিধি মেনে বাণিজ্যিক কার্যক্রম, গুদাম, বাজার, পণ্য ওঠানামার কেন্দ্র ও অন্যান্য অর্থনৈতিক কাজে ব্যবহার করা সম্ভব। কিন্তু এসব ক্ষেত্রে পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরি।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বর্তমানে সড়ক পরিবহন সবচেয়ে বেশি সহজ ব্যবহৃত মাধ্যম। এর প্রধান কারণ, সড়কপথে সরাসরি গন্তব্যে যাওয়া যায়, বিভিন্ন এলাকায় বাস ও পণ্যবাহী যানবাহনের প্রবেশ সহজ এবং স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে সড়ক তুলনামূলক সুবিধাজনক। সরকারের ২০২৫ সালের অবকাঠামো ও যোগাযোগবিষয়ক টাস্কফোর্স প্রতিবেদনে উদ্ধৃত ২০১৯ সালের পরিবহন উপাত্ত অনুযায়ী, দেশের যাত্রী পরিবহনে সড়কের অংশ ছিলো প্রায় ৮৮ শতাংশ, রেলের অংশ প্রায় ৪ শতাংশ। পণ্য পরিবহনের ক্ষেত্রেও সড়কের প্রভাব বেশি। একই প্রতিবেদনে ২০১৯ সালের পণ্য পরিবহনের টন-কিলোমিটার হিসাবে সড়কের অংশ ৭৭ শতাংশ, রেলের ১৬ শতাংশ এবং নৌপথের ৭ শতাংশ দেখানো হয়েছে।
সড়ক যোগাযোগের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু দীর্ঘ দূরত্বে বিপুল পরিমাণ পণ্য পরিবহনে রেল তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে। বিশেষ করে খাদ্যশস্য, সার, জ্বালানি, শিল্পের কাঁচামাল ও কনটেইনার পরিবহনে রেলের সক্ষমতা বাড়ানো গেলে সড়কের ওপর চাপ কমানো সম্ভব। এছাড়াও, কম আয়ের জনসাধারণের ক্ষেত্রে রেল যোগাযোগ মাধ্যমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ঈদকেন্দ্রিক সময়ে রেল যোগাযোগ মাধ্যম বেশ ব্যস্ত থাকে। অতএব রেল ও সড়ককে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে পরিপূরক যোগাযোগব্যবস্থা হিসেবে গড়ে তোলাই অর্থনৈতিকভাবে বেশি যুক্তিযুক্ত।
বাংলাদেশের কয়েকটি অঞ্চলে রেল যোগাযোগ শুধু যাত্রী পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নেই। শিল্প, বন্দর, পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও রেল যুক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও ঢাকা-চট্টগ্রাম রেল করিডোর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা। কনটেইনার, জ্বালানি ও বিভিন্ন পণ্য পরিবহনে রেলের ভূমিকা রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে লাকসাম-চট্টগ্রাম রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ১৬ হাজার ৯৫৫ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনার খবর প্রকাশিত হয়। এর উদ্দেশ্য বন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে রেলভিত্তিক পণ্য পরিবহন বাড়ানো।
এ তুলনায় চাঁদপুরের প্রধান দুর্বলতা হলো, রেলপথ থাকলেও স্থানীয় শিল্পকারখানা, পণ্য পরিবহন কেন্দ্র, গুদাম ও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে রেলের কার্যকর সংযোগের তথ্য ও দৃশ্যমানতা কম। বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন পরিকল্পনায় পূর্বাঞ্চলের রেলপথ সংস্কার, রেললাইন ও স্লিপার পরিবর্তন, সংকেতব্যবস্থা উন্নয়ন এবং রেল পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ রয়েছে। ২০২৫ সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে পূর্বাঞ্চলের রেলপথ উন্নয়নে ১ হাজার ৭৯২ কোটি টাকার প্রকল্পের কথা উঠে আসে। এর আওতায় লাকসাম-চাঁদপুর ও লাকসাম-নোয়াখালী সেকশনসহ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলপথের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
২০২৬ সালে রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে, মিটারগেজ লোকোমোটিভের সংকটের কারণে পণ্যবাহী ট্রেনের সংখ্যা কমেছে। এ সমস্যা সমাধানে ৩০টি করে দুটি ধাপে মোট ৬০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে এসব লোকোমোটিভ যুক্ত হলে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। তবে জাতীয় পর্যায়ের এসব উদ্যোগ চাঁদপুরের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে স্থানীয় রেলপথের উন্নয়ন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বন্ধ স্টেশন চালু এবং পণ্য পরিবহনের অবকাঠামো তৈরির ওপর।
শুধু রেললাইন সংস্কার করলেই অর্থনৈতিক উন্নয়ন হবে না। রেলকে স্থানীয় বাজার, শিল্পপ্রতিষ্ঠান, মাছের আড়ত, কৃষিপণ্য সংরক্ষণাগার ও নদীবন্দরের সঙ্গে যুক্ত করতে হবে। চাঁদপুরের ভৌগোলিক অবস্থান রেলভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু বাস্তব সুযোগ তৈরি করেছে। এর মধ্যে বড়স্টেশন ও মাছঘাটকেন্দ্রিক মৎস্য ব্যবসাকে রেলপথের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা জরুরি—এমন দাবি স্থানীয়দের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে। মাছ সংরক্ষণ ও পরিবহনের উপযোগী শীতাতপ নিয়ন্ত্রিত বগি বা বিশেষ পণ্য পরিবহনব্যবস্থা চালু হলে বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এছাড়াও, কৃষিপণ্য পরিবহনে রেলের ব্যবহার বাড়ানো, বিশেষ করে ধান, খাদ্যশস্য, সবজি ও অন্যান্য কৃষিপণ্যের জন্য রেলভিত্তিক পরিবহন ও সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। এর পাশাপাশি রেলওয়ের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে লিজ দিয়ে গুদাম, বাণিজ্যিক কেন্দ্র, ছোট শিল্পপ্রতিষ্ঠান ও পরিবহনসংশ্লিষ্ট ব্যবসা গড়ে তোলা যেতে পারে। এতে রেলওয়ের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানও তৈরি হবে বলে অনেকেই মনে করেন।
চাঁদপুরের রেল যোগাযোগ মাধ্যমটি যে কয়েকটি কারণে থমকে আছে বলে ধারণা করেন স্থানীয়রা, তার মধ্যে স্টেশন বন্ধ থাকার কারণে রেলপথের পূর্ণ ব্যবহার হচ্ছে না। ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের বিকল্প সড়ক পরিবহনের ওপর নির্ভরতা বেড়েছে। রেলওয়ের আবাসিক এলাকার অনেক স্থাপনা পুরোনো ও জরাজীর্ণ। জমি দখল ও লিজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং নিয়মিত নজরদারির প্রয়োজন রয়েছে। রেলপথের সঙ্গে স্থানীয় মৎস্য, কৃষি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যকর পণ্য পরিবহন সংযোগের ঘাটতি রয়েছে। জনবল সংকটের কারণে চালু অবকাঠামোও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। এসব সমস্যার সমাধানে শুধু নতুন প্রকল্প নয়, বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
চাঁদপুর প্রেস ক্লাব ও রোটারী ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, চাঁদপুরে রেল যোগাযোগের ইতিহাস ১৩০ বছরেরও বেশি পুরোনো। ব্রিটিশ আমলে যে রেলপথ বাণিজ্য ও যোগাযোগের সম্ভাবনা তৈরি করেছিল, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর সেই রেলপথের পাঁচটি স্টেশন বন্ধ থাকার খবর নিঃসন্দেহে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করে। রেলওয়ের জমি, স্টেশন, রেললাইন ও নদীবন্দরের সমন্বিত ব্যবহার নিশ্চিত করা গেলে চাঁদপুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা, পর্যাপ্ত জনবল, আধুনিক পণ্য পরিবহনব্যবস্থা, জমির সঠিক ব্যবস্থাপনা এবং সরকারি বিনিয়োগ অপরিহার্য।
এছাড়াও, চাঁদপুরের মানুষ রেল যোগাযোগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি রেল কর্তৃপক্ষই মানুষের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারছে না—এই প্রশ্ন এখন ইলিশের বাড়ি চাঁদপুর জেলাবাসীর মনকে ওতপ্রোতভাবে ভাবিয়ে তুলছে। কারণ রেলপথ শুধু যাত্রী বহনের অবকাঠামো নয়; সঠিক পরিকল্পনা থাকলে এটি একটি জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। চাঁদপুরের ক্ষেত্রে সেই সম্ভাবনা কতোটা বাস্তবায়িত হয়েছে, তার চূড়ান্ত উত্তর মিলবে রেলওয়ের সম্পত্তি, আয়, পণ্য পরিবহন, ট্রেন চলাচল ও কর্মসংস্থানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের মধ্য দিয়ে।






