প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৮:৫৬
জার্মানি প্রবাসী কালাম বেপারীর আর্জেন্টিনা প্রেমে মুখর উত্তর মনোহরখাদী
খেলা, খিচুড়ি আর উৎসবে মেতে ওঠেছে পুরো গ্রাম

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর মনোহরখাদী গ্রামের নাম উঠলেই এখন ফুটবল আর আর্জেন্টিনার উন্মাদনার কথা সামনে আসে। আর এই উন্মাদনার অন্যতম প্রাণপুরুষ হলেন গ্রামের কৃতী সন্তান জার্মানি প্রবাসী মো. কালাম বেপারী। হাজার মাইল দূরে ইউরোপে বসবাস করলেও নিজের গ্রামের মানুষের সঙ্গে ফুটবলপ্রেমের বন্ধন অটুট রেখেছেন তিনি। বিশ্বকাপ ২০২৬ চলাকালীন তিনি এখন নিজের গ্রামে আছেন।
বিশ্বকাপ ফুটবলের প্রতিটি আসর এলেই উত্তর মনোহরখাদী গ্রাম যেনো পরিণত হয় এক টুকরো আর্জেন্টিনায়। আর্জেন্টিনার খেলা চলাকালে বড়ো পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয় এবং প্রায় ৩০০ থেকে ৩৫০ দর্শকের জন্যে পেটভরে খিচুড়ি পরিবেশনের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন কালাম বেপারী ও তার ঘনিষ্ঠ সমর্থকরা।
শুধু ফুটবলপ্রেম নয়, সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে কালাম বেপারীর উজ্জ্বল অবদান। তিনি উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের প্রতিষ্ঠাতা, যে ক্লাবটি দীর্ঘ ৩১ বছর ধরে এলাকার উন্নয়ন ও মানবসেবায় কাজ করে যাচ্ছে। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় ১০০ জন, যাদের অনেকেই প্রবাসী ও সফল ব্যবসায়ী।
ক্লাবের উদ্যোগে নিয়মিতভাবে খেলাধুলার পৃষ্ঠপোষকতা, মসজিদের উন্নয়ন ও সহায়তা, কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, অসহায় মানুষের জন্যে গৃহনির্মাণ, সোলার সিস্টেম বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ক্লাবটি এলাকার মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, উত্তর মনোহরখাদী গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত আর্জেন্টিনা দলের সমর্থক। আর্জেন্টিনার খেলা মানেই বড়ো স্ক্রিনের সামনে হাজারো আবেগ, উল্লাস আর উৎসবের আমেজ।
আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কালাম বেপারী বলেন, "ছোটবেলা থেকেই ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার খেলা দেখে বড়ো হয়েছি। আর্জেন্টিনার নান্দনিক ফুটবল সবসময়ই আমাকে মুগ্ধ করেছে। ম্যারাডোনা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা বিশ্ব ফুটবলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে লিওনেল মেসি তাঁর প্রতিভা ও ব্যক্তিত্ব দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন।"
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। জার্মানি, ফ্রান্স ও স্পেনও ভালো দল, তবে ব্রাজিল যতোই ভালো খেলুক, এবার বিশ্বকাপ জিততে পারবে না বলে আমি মনে করি।"
কালাম বেপারীর এমন মন্তব্যকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মজার খুনসুটি ও তর্ক-বিতর্কও চলে নিয়মিত। তবে প্রতিদ্বন্দ্বিতা যতোই থাকুক, ফুটবলকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের এক অনন্য পরিবেশ।
ফুটবলপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কর্মকাণ্ডের সমন্বয়ে মো. কালাম বেপারী ও উত্তর মনোহরখাদী লায়ন ক্লাব আজ শুধু একটি গ্রামের নয়, বরং পুরো অঞ্চলের জন্যে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। বিশ্বকাপের উত্তাপে যখন ফুটবল বিশ্ব মেতে ওঠে, তখন উত্তর মনোহরখাদীর মানুষও আর্জেন্টিনার নীল-সাদা পতাকার নিচে একত্রিত হয়ে গড়ে তোলে সম্প্রীতি, আনন্দ ও ভালোবাসার এক অনন্য উৎসব।







