বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৩৩

বিশ্বকাপ উন্মাদনায় মুখর বাবুরহাট এফসি ও আশিকাটি রাইজিং স্টার ক্লাব

ফুটবলের প্রসারে দুই ক্লাবের প্রশংসনীয় ভূমিকা

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ উন্মাদনায় মুখর বাবুরহাট এফসি ও আশিকাটি রাইজিং স্টার ক্লাব

বাবুরহাট অঞ্চলে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নবগঠিত বাবুরহাট এফসি এবং ঐতিহ্যবাহী আশিকাটি রাইজিং স্টার ক্লাব। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্লাব দুটি। ২০২৬ সালে প্রতিষ্ঠিত বাবুরহাট এফসি অল্প সময়ের মধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করেছে। ক্লাবটির সঙ্গে বর্তমানে প্রায় ২০০ থেকে ২৫০ জন সদস্য যুক্ত রয়েছেন এবং নিয়মিত খেলাধুলায় অংশ নিচ্ছেন ২৫ জন খেলোয়াড়। ২৩ জুন হাজীগঞ্জ কিক আপ ক্লাবের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দলটি। এ টুর্নামেন্টে বাবুরহাটের প্রতিভাবান ফুটবলারদের পাশাপাশি বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড়রাও মাঠ মাতাবেন।

ক্লাবটির পরিচালনা পর্ষদে রয়েছেন মো. আনিসুজ্জামান জুয়েল, মোবারক পালোয়ান, বাবু মাল, চন্দন দে, মাইনু মাল, সাদ্দাম খান, হাসান মাল, মাসুদ মাল, ফরহাদ মাল, নাঈম মাল, ফয়সাল মাল ও সম্রাট মালসহ আরও অনেকে। বাবুরহাট এফসির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান জুয়েল বলেন, আমি ব্রাজিল দলের সমর্থক। ব্রাজিলের নান্দনিক ও শৈল্পিক ফুটবল বিশ্বের কোটি দর্শককে মুগ্ধ করে। আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপেও ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে। আমাদের ক্লাবে বিভিন্ন দলের সমর্থক থাকলেও আমরা সবসময় ভালো ফুটবল এবং মেধাবী খেলোয়াড়দের মূল্যায়ন করি। অল্প সময়ে বাবুরহাট এফসি যে সুনাম অর্জন করেছে, তা আমাদের জন্য গর্বের বিষয়।

ক্লাবের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. মোবারক পালোয়ান বলেন, আমি আর্জেন্টিনার একজন নিবেদিতপ্রাণ সমর্থক। গত বিশ্বকাপের চেয়েও এবার দলটি আরও শক্তিশালী। আর্জেন্টিনা শিরোপা জিতলে আমি ক্লাবের সকল সদস্যকে আপ্যায়নের ব্যবস্থা করবো। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে। তাই খেলাধুলার বিকল্প নেই।

পরিচালক মাসুদ মাল বলেন, আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল। তারা বিশ্বকাপ জিতলে বাবুরহাট এফসির সকল সদস্যকে নতুন জার্সি উপহার দেবো।

অন্যদিকে পরিচালক ও ক্রীড়াপ্রেমী বাবু মাল বলেন, আর্জেন্টিনা আমার প্রিয় দল। আমি বিশ্বাস করি তারা বিশ্বকাপ জয় করবে। বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে এবং আমাদের অঞ্চলের তরুণরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে। আর্জেন্টিনা শিরোপা জিতলে ক্লাবের সদস্য ও স্থানীয়দের জন্য বিশেষ ভোজের আয়োজন করবো।

এদিকে ২০১২ সালে প্রতিষ্ঠিত আশিকাটি রাইজিং স্টার ক্লাবও দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন অঞ্চলে ফুটবল চর্চা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম কুড়িয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আনিসুজ্জামান জুয়েল। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় ১০০ এবং খেলোয়াড় রয়েছেন ২৫ জন।

হাজীগঞ্জ, মতলব, ফরিদগঞ্জ, শাহরাস্তিসহ জেলার বিভিন্ন স্থানে অংশগ্রহণ করে আশিকাটি রাইজিং স্টার ক্লাব ইতোমধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বিশ্বকাপ ফুটবলের নান্দনিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব থেকে অনুপ্রাণিত হয়ে স্থানীয় খেলোয়াড়রা আরও উন্নত ফুটবল উপহার দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আনিসুজ্জামান জুয়েল বলেন, ১৪ বছর ধরে আশিকাটি রাইজিং স্টার ক্লাব সুনামের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করে আসছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ইরান, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির সমর্থক থাকলেও আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাই সবচেয়ে বেশি দেখা যায়। আমরা চাই খেলোয়াড়রা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াবে এবং এলাকার সুনাম বয়ে আনবে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনরা মনে করেন, বাবুরহাট এফসি ও আশিকাটি রাইজিং স্টার ক্লাবের মতো সংগঠনগুলো তরুণদের সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফুটবলকে ঘিরে গড়ে ওঠা এই উদ্যোগগুলো ভবিষ্যতে এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়