প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯:২৩
‘নতুন কুঁড়ি স্পোর্টস্’ বাস্তবায়নে সদর উপজেলা কমিটির সভা

'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' এই স্লোগানে সারাদেশে শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস্-২০২৬'।
দেশের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাইদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,
বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, চাঁদপুর দাবা ক্লাবের সভাপতি মো. মেহেরাজ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আক্তার হোসেন সাগর প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় কর্মসূচিটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্যে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি তৃণমূল পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।







