প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৫:৫৭
শিক্ষামন্ত্রীর পদ্যতাগের দাবিতে ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর অশালীন বক্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীরা চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ সদরস্থ বাসস্ট্যান্ডে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ও ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা শেষ করে বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষামন্ত্রী আ ন ম এহেসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নেতৃত্বে পুলিশের একটি অংশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সড়ক অবরোধের কারণে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এসে শিক্ষার্থীদের কথা শোনেন। তাদের সমূহ লিখিত আকারে প্রদানের জন্যে আহ্বান জানান। একই সাথে সড়ক অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার অনুরোধ করেন।
|আরো খবর
এক পর্যায়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের একপাশে নিয়ে যান এবং পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করেন।
আন্দোলনরত গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের এইচএসসি পরীর্ক্ষাথী নাহিদ, আহসান জুবায়ের, শাহিন, শিহাব, ইসমাইল, জুবায়ের মাহামুদ, শুভ, তাসফিয়া, মরিয়ম, জান্নাতুল ফেরদৌস হিরা, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল হাসান, মিথেল, মাহাফুজ, সৈকত, আবির, রাফি, তন্নি জানান, শিক্ষামন্ত্রী আমাদের পরীক্ষার্থীদের কথা ভাবেন না। উল্টো বাজে মন্তব্য করেছেন। আমাদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করা কতোটা সভ্য আচরণ তা আপনারা জানেন। তাই আমরা এক দফা দাবি শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চাই।"








