প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০১:১১
রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্বমানবতার মুক্তির দূত, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কর্মময় সংগ্রাম ও অনুপম শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা মহানবী (সা.)-এর প্রদর্শিত ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় হামদ ও নাথ পরিবেশন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো। তাদের সুমধুর পরিবেশনায় পুরো অডিটোরিয়ামে এক অপূর্ব আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়।
ইসলাম শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন একই বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন।
ডিসিকে/ এমজেডএইচ








