প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:০৩
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
আমিরাতে ভিসা জটিলতা নিরসনে আইন মানার আহ্বান রাষ্ট্রদূতের

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের ভিসা জটিলতা, কনস্যুলার সেবা ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে ‘বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (ইউএই)’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ প্রবাসীদের ভিসা বাতিল, নতুন ভিসার দীর্ঘসূত্রিতা ও দেশে গিয়ে আটকে পড়ার সমস্যাগুলো তুলে ধরেন। রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, ছুটিতে গিয়ে আটকে পড়া প্রবাসীদের একটি তালিকা ইতোমধ্যে আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো সমাধান পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় থেকে সমন্বিতভাবে সমস্যা নিরসনে কাজ চলছে।
প্রবাসীদের সহায়তা ত্বরান্বিত করতে দূতাবাসে একটি ‘মিনি সাপোর্ট হেল্প সেন্টার’ চালু করা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত সকলকে ‘বিএমইটি’ কার্ড করার পরামর্শ দেন। সেই সঙ্গে প্রবাসীদের আমিরাতের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনো উচ্ছৃঙ্খল আচরণ যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে।"
মতবিনিময় সভায় দূতাবাসের লেবার কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান ও কাউন্সেলর (রাজনৈতিক) তৌহিদ ইমাম উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ইউনিটির পক্ষে অংশ নেন সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক কাজী মোহাম্মদ জাকারিয়া, আইটি সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং সাংস্কৃতিক সম্পাদক জাহেদ হোসেন।







