বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:৪৪

কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু

প্রথম দিনে হরিকথা পরিবেশন করেন শ্রীধাম কাটোয়ার প্রিয় গোপাল গোস্বামী মহারাজ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
প্রথম দিনে হরিকথা পরিবেশন করেন শ্রীধাম কাটোয়ার প্রিয় গোপাল গোস্বামী মহারাজ

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ছাতিপট্টি শ্রীশ্রী নৃসিংহ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা, ভক্তি ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কুমিল্লা শ্রীশ্রী গিরিধারী সংঘের উদ্যোগে এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) মহোৎসবের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সন্ধ্যার পর থেকেই ছাতিপট্টি শ্রীশ্রী নৃসিংহ মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশ। দূর-দূরান্ত থেকে আগত ভক্ত-শ্রোতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মন্দির এলাকা।

মহোৎসবের প্রথম দিনে হরিকথা পরিবেশন করেন ভারতের শ্রীধাম কাটোয়া থেকে আগত শ্রীশ্রী নিত্যানন্দাত্মজা গঙ্গামাতা বংশোদ্ভূত প্রভুপাদ শ্রীল শ্রী প্রিয় গোপাল গোস্বামী মহারাজ। তাঁর হরিকথা শুনতে মন্দির প্রাঙ্গণে শত শত ভক্ত-শ্রোতার সমাগম ঘটে। ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি ও আধ্যাত্মিক ভাবধারায় উপস্থিত ভক্তরা মুগ্ধ হয়ে হরিকথা শ্রবণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গিরিধারী সংঘের সভাপতি ব্রজ গোপাল সাহা ও সাধারণ সম্পাদক উত্তম ভৌমিক। এছাড়া ছাতিপট্টি শ্রীশ্রী নৃসিংহ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দেবনাথ ও সদস্য সাংবাদিক এন. কে. রিপনসহ শ্রীশ্রী গিরিধারী সংঘ এবং নৃসিংহ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মন্দিরের কর্মকর্তা, আয়োজক কমিটির সদস্য, ভক্ত, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে হরিকথা মহোৎসবে অংশ নেন। ধর্মীয় আলোচনা ও হরিকথা শ্রবণের পাশাপাশি ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো মন্দির প্রাঙ্গণে বিরাজ করছিল এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, মহোৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে হরিকথা পরিবেশন করবেন শ্রীরাধাকুণ্ড, বৃন্দাবন থেকে আগত পণ্ডিত অনন্তশ্রী বিভূষিত বৈষ্ণবপদ বাবাজী মহারাজ। তাঁর হরিকথা শুনতে আগামী দুই দিনও বিপুলসংখ্যক ভক্ত-শ্রোতার সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও ভক্তিরস জাগ্রত করাই এ হরিকথা মহোৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য। হরিকথার মাধ্যমে ভক্তদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

তাঁরা আরও জানান, তিন দিনব্যাপী এ মহোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে ধর্মীয় আলোচনা শ্রবণ করছেন এবং আধ্যাত্মিক আবহে নিজেদের সম্পৃক্ত করছেন।

দ্বিতীয় ও তৃতীয় দিনের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভক্তদের উপস্থিত হয়ে হরিকথা শ্রবণ এবং মহোৎসবকে সার্থক করার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এ হরিকথা মহোৎসবকে ঘিরে ছাতিপট্টি শ্রীশ্রী নৃসিংহ মন্দির প্রাঙ্গণে ইতোমধ্যে ভক্তদের ব্যাপক সমাগম ও প্রাণবন্ত ধর্মীয় আবহ তৈরি হয়েছে। আগামী দুই দিনের আয়োজনেও বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে মহোৎসব আরও বর্ণিল ও উৎসবমুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়