রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮:০৩

রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি ।।
রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সময়ের সঙ্গে আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি রিয়াদের ১৮ নম্বর এক্সিট এলাকার আল ওয়ালিদ কমিউনিটি সেন্টারে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘উৎসবে আনন্দে ২৪ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিলো ২৪ কেজি ওজনের দুটি বিশাল কেক কাটা এবং এনটিভির নিয়মিত আয়োজন ‘প্রবাস বিনোদন’-এর ২৯তম পর্ব।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, বিন মিশাল ট্রাভেলস, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ, এএস ট্রাভেলস, বি অ্যান্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা আল মারওয়া কোম্পানি, ফ্রেন্ডডি মোবাইল, আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (পিজিসি), বাথা বাকলারান ইউনিফর্ম, উদখালিজ মাহবুব পারফিউম, আল সাবা ফুড অ্যান্ড টপ স্টোর এবং মানবিক সংগঠন ‘হাসি’।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, "দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহছান কিরণ। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেল সেন্টারের আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন মিশাল ট্রাভেলসের সিইও বিন মিশাল, উদখালিজ মাহবুব পারফিউমের সৌদি আরব শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, নারী উদ্যোক্তা নাসিমা ইমাম, সংগীতশিল্পী তাসলিমা জাহান মৌ, বাকলারান ইউনিফর্মের সিইও মঈন উদ্দিন স্বপন, মানবিক সংগঠন ‘হাসি’র প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং মিডিয়া ব্যক্তিত্ব মসলেহ উদ্দিন লিটন।

২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৪ কেজি ওজনের দুটি কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী পরিবারের শিশু-কিশোর এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী-পুরুষদের মধ্যে এনটিভির লোগো সংবলিত টি-শার্ট উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়। এনটিভি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এ পর্বে বাংলাদেশ থেকে আগত সংগীতশিল্পী তাসলিমা জাহান মৌ এবং রিয়াদের স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন সালাউদ্দিন আহমেদ (ড্রাম), জাবেদ (প্যাড), বাপ্পি ও আলী (গিটার)। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মসি সিরাজ।

পুরো অনুষ্ঠানজুড়ে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর সভাপতি ফারুক আহমেদ চান বলেন, "প্রবাসীদের নির্মল বিনোদন দিতে রিয়াদে এনটিভির ‘প্রবাস বিনোদন’ অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।" তিনি এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়