প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৪২
অবশেষে বলাখালবাসীর জয়!

উদ্বোধন হয়ে গেলো বহুল কাক্সিক্ষত ও বহুল আলোচিত বলাখালের বাস স্টপেজ। এই স্টপেজ থেকে প্রথম বাসের যাত্রী হয়ে বলাখাল থেকে হাজীগঞ্জে গেলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এভাবেই তিনি বলাখাল বাস স্টপেজ উদ্বোধন করলেন। শুক্রবার (১২ জুন ২০২৬) সকালে এ উপলক্ষে বলাখাল মধ্য বাজার যাত্রী ছাউনির সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে চাঁদপুর থেকে কুমিল্লা অভিমুখী একটি বোগদাদ বাসে উঠে পড়েন এমপি মমিন। এ সময় ওই বাসের চালককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সকল যাত্রীর মাঝে মিষ্টি বিতরণ করেন। উদ্বোধনের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইঞ্জি. মমিনুল হক এমপি বলেন, আজকে বলাখাল বাস স্টপেজ উদ্বোধন করা হলো। তবে আপনারা মনে রাখবেন কেউ যেনো বাসে থাপ্পর দিয়ে টাকা রুজির ধান্ধা না করতে পারে। এ জাতীয় অভিযোগে সরাসরি ওসি সাহেব ব্যবস্থা নেবেন। ভিন্ন প্রসঙ্গে তিনি বলেন, বলাখালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফলাফলের পুরানো ঐতিহ্যে ফিরে আসতে হবে। হাজীগঞ্জের আরেকটি কলেজকে সরকারিকরণ করা হবে। বলাখালের আশেপাশে টেকনিক্যাল প্রতিষ্ঠান ও স্টেডিয়াম করা হবে। পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদারের সভাপ্রধানে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব তালুকদার আব্দুল হক, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন প্রমুখ। উল্লেখ্য, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখালে একটি বাস স্টপেজের দাবি বহু পুরানো। এ নিয়ে গেলো ঈদ পূর্ববর্তী সময়ে বলাখালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামে। এর পরে স্থানীয় সংসদ সদস্যের নজরে আসে বিষয়টি। তাঁর আন্তরিক প্রচেষ্টার পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয় বলাখাল বাজারে বোগদাদ ও আইদি বাস স্টপেজের। শুক্রবার বলাখালে এই বাস স্টপেজের উদ্বোধন করা হলো। এতে আন্দোলনরত বলাখালবাসীর উল্লেখযোগ্য বিজয় হলো। আর আইদি পরিবহনের হুঙ্কারের লজ্জাজনক পরাজয় ঘটলো। কেননা আইদি পরিবহনের মালিক পক্ষ দম্ভভরে বলেছিলো, প্রয়োজনে সার্ভিস বন্ধ করে দেবো, তবুও বলাখালে আইদি ও বোগদাদের স্টপেজ দেয়া হবে না। এমন দাম্ভিকতা প্রকাশের সময় এই পরিবহনের মালিক পক্ষের মাথায় ছিলো না যে, তাদের ক্ষমতার ওপরে স্থানীয় জনপ্রতিনিধি (এমপি), জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অনেক বেশি ক্ষমতা এবং অনেক লম্বা হাত আছে, যা দিয়ে সহজেই এমন দাম্ভিকতাকে ভেঙ্গে চুরমার করা যায়। কথা হলো, বোগদাদ ও আইদিকে অবশেষে বলাখালে থামানো গেলো, কিন্তু চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জুড়ে বোগদাদ ও আইদির বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতা কি থামানো যাবে না? যদি থামানো যায়, তাহলে স্বস্তির আবহে নিশ্চিন্ত হবে যাত্রীসকল।




