রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:১৬

ল্যাপটপ কেলেঙ্কারি ধামাচাপা দিতে ‘বোরকা’ মিশনে আগুন: ৫ লাখে ভাড়া হন পরিচ্ছন্নতাকর্মী

মো. জাকির হোসেন
ল্যাপটপ কেলেঙ্কারি ধামাচাপা দিতে ‘বোরকা’ মিশনে আগুন: ৫ লাখে ভাড়া হন পরিচ্ছন্নতাকর্মী
ক্যাপশন :পুলিশের সঙ্গে গ্রেফতার প্রাথমিক শিক্ষা অধিদফতরের তিন কর্মচারী। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) স্টোররুমে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না; বরং এটি ছিল সুপরিকল্পিত একটি নাশকতা। স্টোররুম থেকে ৮৩টি ল্যাপটপ গায়েব করার চাঞ্চল্যকর তথ্য ধামাচাপা দিতেই মাত্র ৫ লাখ টাকার চুক্তিতে এই অগ্নিসংযোগ করা হয়। এই মিশনে ছদ্মবেশ ধারণ করতে ব্যবহার করা হয়েছিল বোরকা

শনিবার (২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। অগ্নিকাণ্ডের এই নীল নকশার সাথে জড়িত থাকার অভিযোগে অধিদফতরের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, মাস্টাররোলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীকে এই কাজের জন্য প্রলোভন দেখানো হয়েছিল এবং তিনি শুক্রবার গভীর রাতে নারী সেজে স্টোররুমে প্রবেশ করে কৌশলে আগুন ধরিয়ে দেন। চুক্তির অগ্রিম হিসেবে তাকে ইতিমধ্যে ৮০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছিল।

[নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত ল্যাপটপের আনুমানিক আর্থিক খতিয়ান]
১. নিখোঁজ ল্যাপটপ (৮৩টি): প্রায় ৫০ থেকে ৫৮ লাখ টাকা
২. সম্পূর্ণ পুড়ে যাওয়া ল্যাপটপ (১৪০টি): প্রায় ৮৪ লাখ টাকা
৩. ক্ষতিগ্রস্ত ল্যাপটপ (৬২টি): প্রায় ৩৭ লাখ টাকা
* বাজারমূল্য গড়ে ৬০-৭০ হাজার টাকা হিসেবে এই বিশাল আর্থিক ক্ষতি নিরূপণ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, অগ্নিকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল চুরির প্রমাণ নষ্ট করা। স্টোররুমে থাকা ৭৩৫টি ল্যাপটপের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে রহস্যজনক হলো নিখোঁজ ল্যাপটপগুলো। পুলিশের ধারণা, এই ল্যাপটপগুলো আগেই সরিয়ে ফেলা হয়েছিল এবং সেই চুরির ঘটনা আড়াল করতেই এই আগুনের নাটক সাজানো হয়।

পুলিশের ভাষ্যমতে, এটি কেবল একটি অগ্নিকাণ্ড নয়, এটি একটি বড় ধরনের আর্থিক অনিয়ম ও সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা। এই চক্রের সাথে অধিদফতরের অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত কি না, তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত করা হবে। সরকারি এই গুরুত্বপূর্ণ দফতরে এমন নিরাপত্তার ঘাটতি এবং খোদ কর্মচারীদের দ্বারা নাশকতার ঘটনায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়